ডিজিটাল যুগে ভুয়া তথ্য প্রতিরোধ, তথ্য যাচাই (ফ্যাক্ট-চেকিং) এবং দায়িত্বশীল কনটেন্ট নির্মাণে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে ‘এথিক্যাল জার্নালিজম অ্যান্ড কনটেন্ট ক্রিয়েশন’ শীর্ষক একটি স্বল্পমেয়াদি (শর্ট) কোর্স চালু করেছে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এডাস্ট)।
শনিবার (২৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে ‘ডিজিটাল জার্নালিজম ভার্সেস রিলালিটি’ শীর্ষক এক সেমিনারের মাধ্যমে কোর্সটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম লিটন (ভার্চুয়ালী), সদস্য-সচিব মো. কামরুজ্জামান লিটু, সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ সিরাজুল হক চৌধুরী এবং সাংবাদিকতা অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উপদেষ্টা আলমগীর স্বপনসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য দেন দৈনিক যুগান্তরের সহকারী সম্পাদক মাহবুব কামাল, জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট মাসুদ কামাল, চ্যানেল ২৪-এর হেড অব নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স জহিরুল আলম, এখন টেলিভিশনের সম্পাদকীয় প্রধান তুষার আব্দুল্লাহ, যমুনা টেলিভিশনের নিউ মিডিয়া সম্পাদক রুবেল মাহমুদ, দৈনিক খোলা কাগজের উপ-সম্পাদক জব্বার হোসেন, এশিয়া পোস্টের সম্পাদক ও প্রকাশক পলাশ মাহমুদ, বিভাগের সমন্বয়কারী প্রভাষক জোবায়ের আহমেদ, কোর্স সমন্বয়কারী কেয়া বোস এবং প্রভাষক ফারহাদ আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এডাস্ট সাংবাদিক সমিতির সভাপতি সুমন সিকদার।
বক্তারা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মের বিস্তারের ফলে সংবাদ পরিবেশনের ধরনে বড় পরিবর্তন এসেছে। একই সঙ্গে বেড়েছে ভুয়া তথ্য, বিভ্রান্তিকর কনটেন্ট ও অপতথ্যের ঝুঁকি। এ বাস্তবতায় তথ্য যাচাই, পেশাগত নৈতিকতা, দায়িত্বশীল কন্টেন্ট নির্মাণ এবং প্রযুক্তির যথাযথ ব্যবহারে দক্ষ সাংবাদিক ও মিডিয়া পেশাজীবী তৈরির বিকল্প নেই।
সেমিনারের প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা সাংবাদিকতার ভবিষ্যৎ, ডিজিটাল প্ল্যাটফর্মে সংবাদ প্রকাশের চ্যালেঞ্জ এবং সমসাময়িক গণমাধ্যমের পরিবর্তিত বাস্তবতা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। আলোচকরা নিজেদের দীর্ঘ পেশাগত অভিজ্ঞতার আলোকে এসব বিষয়ে দিকনির্দেশনা দেন।
কোর্স সমন্বয়কারী কেয়া বোস জানান, আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে শুরু হওয়া এই কোর্সে অংশগ্রহণকারীরা নৈতিক সাংবাদিকতা, ডিজিটাল কনটেন্ট নির্মাণ, ফ্যাক্ট-চেকিং, মোবাইল জার্নালিজম এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বিষয়ে দেশের অভিজ্ঞ সাংবাদিক ও মিডিয়া বিশেষজ্ঞদের কাছ থেকে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন।