ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জুলাই গণঅভ্যুত্থানের বিরোধিতার অভিযোগে তিন অধ্যাপককে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। পাশাপাশি নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা পূরণ না করে শিক্ষক হওয়ার অভিযোগে সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জিয়াউর রহমানকে (সায়েম রানা) সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড.আলমোজাদ্দেদী আলফেসানী।
বরখাস্ত হওয়া তিন শিক্ষক হলেন- শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এম ওয়াহিদুজ্জামান, অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মশিউর রহমান।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড.আলমোজাদ্দেদী আলফেসানী বলেন, জুলাই অভ্যুত্থানের বিরোধিতার অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি কর্তৃক দোষী সাব্যস্ত হওয়ায় তিন জন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং ট্রাইবুনালের গঠন করা হয়েছে।
অন্যদিকে, নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা পূরণ না করে শিক্ষক হওয়ার অভিযোগে সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জিয়াউর রহমানকে (সায়েম রানা) সাময়িক বরখাস্ত করা হয়েছে বিষয়টি অধিকতর তদন্তে তাদর বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রো ভিসি বলেন, তিনি ইসলামিক স্টাডিজে অনার্স-মাস্টার্স করেছেন। কিন্তু সংগীত বিভাগে লেকচারার হিসেবে নিয়োগ পেয়েছেন। এ কারণে তাকে সাময়িক বরখাস্ত করে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ড. জিয়াউর রহমান ইসলামিক স্টাডিজে অনার্স ও মাস্টার্স এবং সংগীত বিষয়ে এমফিল ও পিএইচডি সম্পন্ন করেছেন। তবে সংগীত বিভাগে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিতে সংগীত বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি বাধ্যতামূলক ছিল।