পাঁচ মাদরাসার আট শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। নোটিশে তাদের বেতন-ভাতা সাময়িক বন্ধসহ কেন স্থায়ীভাবে বন্ধ করা হবে না তা জানতে চাওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি থেকে জানা যায়, অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে জাল স্বাক্ষর, জাল চিঠি প্রস্তুত, ভুয়া নিয়োগ বোর্ড গঠনপূর্বক ফলাফল শিট প্রণয়ন, মৃত শিক্ষকের ব্যাংক হিসাব ও ইনডেক্স নম্বর ব্যবহার করে দীর্ঘদিন ধরে সরকারি বেতন-ভাতা উত্তোলনসহ নানা অভিযোগ আছে।
শোকজ পাওয়া শিক্ষকরা হলেন- বগুড়ার সারিয়াকান্দি উপজেলাধীন নিজবলাইল ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মো. জাহাঙ্গীর আলম, ভোলার তজুমদ্দিন উপজেলাধীন মো. ভেলা ওমরিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মো.মহিউদ্দিন, কুড়িগ্রামের চিলমারী উপজেলাধীন সোনারীপাড়া মীম ছীন বালিকা দাখিল মাদরাসার সুপার মো. ইস্কেন্দার মির্জা।
এছাড়া নওগাঁর আত্রাই উপজেলাধীন মস্কিপুর দ্বি-মুখী দাখিল মাদরাসার সুপার মো. আফতাব উদ্দীন, সহকারী মৌলভী মো. জহরুল ইসলাম ও মো. আখতার হোসেন এবং মেহেরপুরের গাংনী উপজেলাধীন হাড়াভাঙ্গা ডি. এইচ. ফাযিল মাদরাসার অধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক ও সহকারী মৌলভী শামছিয়া খাতুন।