শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য অধ্যাপক হোসেন উদ্দিন শেখর

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩ (সংশোধিত-২০২৫)’-এর ৯(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের মেয়াদ যোগদানের দিন থেকে চার বছর অথবা তার অবসর গ্রহণের তারিখ পর্যন্ত বহাল থাকবে। তবে দুটি সময়ের মধ্যে যেটি আগে ঘটবে, সেদিনই নিয়োগের মেয়াদ শেষ হবে। উপাচার্য হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার নিজ পদে বহাল থাকবেন।

নিয়োগের শর্ত অনুযায়ী, অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ও অন্যান্য ভাতা পাবেন। পাশাপাশি প্রচলিত বিধি অনুযায়ী উপাচার্য পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধাও ভোগ করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে। এছাড়া রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় তার এই নিয়োগ বাতিল করতে পারবেন।

অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।

নবপ্রতিষ্ঠিত শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে তার নিয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়ায় নতুন ধাপ শুরু হলো।

শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।