২০২৭ সালের দাখিল-এসএসসিতে অভিন্ন প্রশ্ন ১৩ বিষয়ে

আসন্ন ২০২৭ সালের দাখিল ও এসএসসি পরীক্ষায় নিয়মিত শিক্ষার্থীদের জন্য ১৩টি সাধারণ ও নৈর্বাচনিক বিষয়ের প্রশ্নপত্র অভিন্ন রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ডগুলো। তবে দুই ধারার পাঠ্যক্রমে পার্থক্য থাকায় বাংলা প্রথম পত্রের পরীক্ষা পৃথক প্রশ্নপত্রে নেওয়া হবে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের প্রকাশনা নিয়ন্ত্রক অধ্যাপক এফ এম শাকিরুল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৭ সালের দাখিল ও এসএসসি পরীক্ষায় নিয়মিত শিক্ষার্থীরা বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, পৌরনীতি ও নাগরিকতা, কৃষিশিক্ষা এবং গার্হস্থ্যবিজ্ঞান বিষয়ে একই প্রশ্নপত্রে পরীক্ষা দেবে।

অভিন্ন প্রশ্নপত্রের বিষয়গুলো হলো—বাংলা দ্বিতীয় পত্র (বিষয় কোড ১০২), ইংরেজি প্রথম পত্র (১০৭), ইংরেজি দ্বিতীয় পত্র (১০৮), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (১৫৪), গণিত (১০৯), বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০), পদার্থবিজ্ঞান (১৩৬), রসায়ন (১৩৭), জীববিজ্ঞান (১৩৮), উচ্চতর গণিত (১২৬), পৌরনীতি ও নাগরিকতা (১৪০), কৃষিশিক্ষা (১৩৪) এবং গার্হস্থ্যবিজ্ঞান (১৫১)।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলা প্রথম পত্রের বিষয় কোড ১০১ নির্ধারণ করা হলেও সাধারণ ও মাদ্রাসা শিক্ষা ধারার পাঠ্যক্রমে নির্দিষ্ট পার্থক্য রয়েছে। এ কারণে ২০২৭ সালের নিয়মিত পরীক্ষার্থীদের বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্র আলাদাভাবে প্রণয়ন করা হবে।

তবে অনিয়মিত ও রিটেক পরীক্ষার্থীদের ক্ষেত্রে নতুন এ ব্যবস্থা প্রযোজ্য হবে না। তাদের জন্য আগের নিয়মই বহাল থাকবে। অর্থাৎ, রেজিস্ট্রেশন কার্ডে উল্লেখ থাকা বিষয় কোড অনুযায়ী পৃথক প্রশ্নপত্রে পরীক্ষা দিতে হবে।

নতুন নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি ও পরীক্ষা-সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী, পরীক্ষার্থী এবং সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।