২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ শুরু করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডগুলো। গত ১ অক্টোবর থেকে তিনটি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আলাদাভাবে এ তালিকা প্রকাশ করা হয়েছে। অন্য বোর্ডগুলোর তালিকাও দ্রুত প্রকাশ করা হবে বলে জানা গেছে।
ফল প্রকাশ করা বোর্ডগুলো হলো চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা।
এসএসসি পরীক্ষায় ভালো ফল করা শিক্ষার্থীদের মধ্য থেকে নির্ধারিত সরকারি নীতিমালা ও কোটা অনুযায়ী বৃত্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হয়। সাধারণভাবে বৃত্তি দুই ধরনের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি।
এসএসসি পাসের পর উচ্চশিক্ষার পরবর্তী ধাপে শিক্ষার্থীদের পড়াশোনায় আর্থিক সহায়তা দেওয়ার জন্য এ বৃত্তি চালু রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃত্তির মেয়াদ দুই বছর। মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাসিক ৬০০ টাকা এবং বছরে এককালীন ৯০০ টাকা দেওয়া হবে। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসে ৩৫০ টাকা এবং বছরে এককালীন ৪৫০ টাকা পাবেন।
গত ১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।
চট্টগ্রাম বোর্ডের বৃত্তিপ্রাপ্তদের তালিকা দেখতে সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে প্রবেশ করা যাবে।
চট্টগ্রাম বোর্ডের ফল দেখুন এখানে।
সিলেট বোর্ডের বৃত্তিপ্রাপ্তদের তালিকাও বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
এ ছাড়া কুমিল্লা বোর্ডের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকাও বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।