হিন্দুধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে।
সাপ্তাহিক ছুটি ও নির্ধারিত ছুটি মিলিয়ে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মচারীরা এ ছুটি উপভোগ করবেন। তবে প্রতিষ্ঠানভেদে ছুটির মেয়াদে পার্থক্য রয়েছে।
এদিকে দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের ছুটিও এক দিন বাড়িয়েছে সরকার। ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় মহানবমী ও বিজয়া দশমীর ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের অবকাশ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে ছুটি নির্ধারিত ছিল। এর সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে টানা পাঁচ দিন ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
২০২৬ সালের সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর এবং পরে ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা টানা ছুটির সুযোগ পাবেন। পাশাপাশি ২৫ অক্টোবর রবিবার লক্ষ্মীপূজা উপলক্ষে ছুটি থাকায় ক্যালেন্ডার অনুযায়ী ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিনের ছুটি পাওয়া সম্ভব।
তবে ছুটির এ হিসাব কার্যকর হওয়া সংশ্লিষ্ট শিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তরের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। একাডেমিক কার্যক্রমের প্রয়োজন বিবেচনায় ছুটির সময়সূচিতে পরিবর্তনও আসতে পারে।
এদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ শাখার ছুটির তালিকা অনুযায়ী, কলেজগুলোতে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে। এ সময়ের মধ্যে মাঝের দুই শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি হিসাবের বাইরে রাখা হয়েছে। দুর্গাপূজা ও বিজয়া দশমীর পাশাপাশি প্রবারণা পূর্ণিমা এবং ২৫ অক্টোবর লক্ষ্মীপূজা উপলক্ষে এ ছুটি রাখা হয়েছে।
কলেজের ছুটির আগে ও পরের সাপ্তাহিক ছুটি যুক্ত করলে ছুটির সময় আরও দীর্ঘ হবে। ১৬ ও ১৭ অক্টোবর এবং ৩০ ও ৩১ অক্টোবরের সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ১৬ দিনের ছুটির সুযোগ তৈরি হবে।
অন্যদিকে, দুর্গাপূজা উপলক্ষে সরকারি-বেসরকারি, এমপিওভুক্ত ও ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরাও ছুটি পাবেন। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা অনুযায়ী, ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে।
তবে বিশ্ববিদ্যালয়গুলোর ছুটির ক্ষেত্রে অভিন্ন কোনো সময়সূচি নেই। দেশের সব বিশ্ববিদ্যালয়ের জন্য সরকারি ছুটির তালিকা সরাসরি প্রযোজ্য হয় না। বিশ্ববিদ্যালয়গুলো স্বতন্ত্র ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ায় নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার, প্রশাসনিক সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে ছুটি নির্ধারণ করে।