চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়

প্রশ্নফাঁস ও জালিয়াতির অভিযোগে অফিস সহায়ক কারাগারে

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে এসএসসি নির্বাচনী পরীক্ষার প্রশ্নফাঁসের চাঞ্চল্যকর ঘটনায় এক অফিস সহায়ককে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করার পর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ২৬ অক্টোবর ওই বিদ্যালয়ে নির্বাচনী পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে।

ঘটনাটি তদন্ত করতে জেলা প্রশাসন তিন সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করে।

তদন্তের অংশ হিসেবে অভিযুক্ত অফিস সহায়ক মো. শাহজামালের ব্যক্তিগত কম্পিউটার জব্দ করা হয়।

কম্পিউটার পরীক্ষা করতেই বেরিয়ে আসে একের পর এক চাঞ্চল্যকর ও অনিয়মের তথ্য।

নথিপত্র ঘেঁটে দেখা যায়, প্রাক্তন প্রধান শিক্ষকদের স্বাক্ষর জাল করে মাস্টাররোলে লোক নিয়োগ করা হতো।

এছাড়াও শিক্ষার্থী ভর্তি এবং শিফট পরিবর্তনের মতো গুরুতর অনিয়মেও তার সরাসরি সম্পৃক্ততা মিলেছে।

চাঞ্চল্যকর এই তথ্যগুলো প্রমাণিত হওয়ায় বুধবার রাতেই তাকে থানা হেফাজতে নেওয়া হয়।

শুধু প্রশ্নফাঁস নয়, অফিস সহায়ক পদে চাকরি করেও তিনি দীর্ঘদিন ধরে কম্পিউটার অপারেটরের বেতন তুলছিলেন।

তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা প্রশাসক এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী বিষয়টি রাতেই সরেজমিন খতিয়ে দেখেন।

বর্তমানে অভিযুক্ত কারাগারে আছেন এবং পুরো ঘটনার বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে প্রশাসন।