কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে?

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হলো সম্প্রতি। এইচএসসি পরীক্ষায় বিগত বছরগুলোর মধ্যে এবার পাসের হার সবচেয়ে কম। জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে এবার। পরীক্ষার ফলের এই নিম্নমুখী প্রবণতার প্রভাব পড়বে উচ্চশিক্ষায় ভর্তিতেও। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রাথমিক তথ্য অনুযায়ী, উচ্চশিক্ষায় মোট আসন এবং এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় নিলে ৮ লাখের বেশি আসন খালি থাকতে পারে।

২০২৬-২৭ শিক্ষাবর্ষে সরকারি বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ এবং গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা। এখন উত্তীর্ণ শিক্ষার্থীরা অপেক্ষায় উচ্চশিক্ষার জন্য। কেউ দেশের বিশ্ববিদ্যালয় ও মেডিক্যালে পড়তে চান, আবার কেউ হয়তো বৃত্তি নিয়ে বা বিদেশে পড়ার স্বপ্ন দেখেন। ইতিমধ্যে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ভর্তিতে আবেদন ও পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণা করেছে।

এদিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার (সাপ্লিমেন্টারি) সুযোগ দিতে ভর্তি পরীক্ষা পেছানো হতে পারে। কারণ ঢাকা বোর্ডের একটি সূত্র জানিয়েছে, আগামী ২ ডিসেম্বর এই পরীক্ষা নেওয়া যায় কি-না, সে বিষয়ে প্রাথমিকভাব আলোচনা হচ্ছে। একই সঙ্গে ডিসেম্বরের মধ্যে এই পরীক্ষার ফলাফল দেওয়ার চিন্তাভাবনা চলছে। কারণ, এই পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও যেন উচ্চশিক্ষায় ভর্তির সুযোগটা পান।

ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য কোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে, আবেদন শুরু ও শেষ কবে তা নিচে তুলে ধরা হলো-


বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষা ২০২৭ সালের ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। গত ৬ সেপ্টেম্বর ২০২৬ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রাথমিক বাছাই পরীক্ষা ছিল না। ফলে কেবল লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের নির্বাচিত করা হয়েছিল। এবারও সে পদ্ধতিতে ভর্তিযোগ্য প্রার্থীদের বাছাই করা হবে কি-না, সে তথ্য জানানো হয়নি।

মেডিক্যাল ও ডেন্টাল কলেজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী মাসের প্রথম সপ্তাহের দিকে হতে পারে বলে জানা গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে ৫ ডিসেম্বর। ওই দিন আইবিএ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১২ ডিসেম্বর ‘এ’ ইউনিট, ১৯ ডিসেম্বর ‘বি’ ইউনিট, ২২ ডিসেম্বর চারুকলা ইউনিট এবং ২৬ ডিসেম্বর ‘সি’ ইউনিটের পরীক্ষা হবে। অনলাইনে আবেদন করা যাবে ১১ থেকে ২৫ নভেম্বর।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিতে অনলাইনে আবেদন শুরু হবে ১১ নভেম্বর ২০২৬ থেকে। ২৫ নভেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে ভর্তিতে আবেদন কার্যক্রম। পাঁচটি ইউনিটে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটগুলো হচ্ছে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’, ‘বিজ্ঞান ইউনিট’, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’, ‘চারুকলা ইউনিট’ ও ‘আইবিএ ইউনিট’। 

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৯ ডিসেম্বর ২০২৬ শনিবার, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর ২০২৬ শনিবার, ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর ২০২৬ শনিবার, চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) ২২ ডিসেম্বর ২০২৬ মঙ্গলবার, আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর ২০২৬ শনিবার অনুষ্ঠিত হবে।

আইবিএ ইউনিট ছাড়া সব ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। চারুকলা ইউনিট ও আইবিএ ইউনিট ছাড়া অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। বিভাগীয় কেন্দ্রগুলো হচ্ছে- রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী বছরের ১০ জানুয়ারি। পরীক্ষা চলবে ২১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত। শুক্র ও শনিবার বাদে অন্য দিনগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, আগামী ১০ থেকে ২১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত শুক্র ও শনিবার ছাড়া পরীক্ষা নেওয়া হবে। এর আগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তবে এ বছর সেই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না। এবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী বছরের (২০২৭ সাল) ৮, ৯ ও ১৬ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে। ৮ জানুয়ারি ‘বি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৯ জানুয়ারি ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) পরীক্ষা নেওয়া হবে। এর আগে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা ১২ থেকে ২৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে প্রাথমিক আবেদন করতে পারবেন। ১৬ আগস্ট ২০২৬ বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের ভর্তি উপকমিটির সভায় আরও সিদ্ধান্ত হয় যে বিশ্ববিদ্যালয়ের নিজ ক্যাম্পাস ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, ময়মনসিংহ ও রংপুর কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তিতে অনলাইন আবেদন কার্যক্রম ১৫ নভেম্বর ২০২৬, দুপুর ১২টা থেকে শুরু হবে। ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। ভর্তি পরীক্ষা শুরু হবে ১ জানুয়ারি ২০২৭ থেকে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৮০তম সভার বিশেষ অধিবেশনে এসব সিদ্ধান্ত হয়েছে।

২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পাঁচটি ইউনিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ইউনিট এ, কলা ও আইন অনুষদভুক্ত ইউনিট বি, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ইউনিট সি, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ইউনিট ডি এবং চারুকলা অনুষদভুক্ত ইউনিট ই-এর মাধ্যমে এ ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। 

এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১ জানুয়ারি ২০২৭ (শুক্রবার)। ই ইউনিটের পরীক্ষা ৮ জানুয়ারি, বি ইউনিটের পরীক্ষা ১৫ জানুয়ারি, সি ইউনিটের পরীক্ষা ২২ জানুয়ারি এবং ডি ইউনিটের পরীক্ষা ২৩ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে। সব ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবার সব ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা নেওয়া হবে বহুনির্বাচনি প্রশ্নোত্তর পদ্ধতিতে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে চাওয়া শিক্ষার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আগামী বছরের ৩০ জানুয়ারি শুরু হবে। ওই দিন এ ইউনিট দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষা ৮ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে শেষ হবে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা চট্টগ্রাম (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস), ঢাকা (ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস) এবং রাজশাহী (রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস) বিভাগীয় শহরে একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে। 

তবে বি১, বি২ ও বি২ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ ইউনিট-৩০ জানুয়ারি; বি ইউনিট-৫ ফেব্রুয়ারি; সি ইউনিট-২৯ জানুয়ারি; ডি ইউনিট-৬ ফেব্রুয়ারি; বি১ উপ-ইউনিট-৩ ফেব্রুয়ারি; বি২ উপ-ইউনিট-৪ ফেব্রুয়ারি; ডি১ উপ-ইউনিট-৮ ফেব্রুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে।

খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ ও ১৮ ডিসেম্বর ২০২৬। ১৭ ডিসেম্বর ‘সি’ ও ‘ডি’ ইউনিট এবং ১৮ ডিসেম্বর ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে। গত ২৪ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ ডিসেম্বর সি ও ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সি ইউনিটের আওতায় রয়েছে কলা ও মানবিক স্কুল, সামাজিক বিজ্ঞান স্কুল, আইন স্কুল, শিক্ষা স্কুল ও চারুকলা স্কুলের ডিসিপ্লিনগুলো। আর ডি ইউনিটের আওতায় রয়েছে ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিসিপ্লিনগুলো।

পরদিন ১৮ ডিসেম্বর ২০২৬ এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ইউনিটের আওতায় রয়েছে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিসিপ্লিনগুলো। বি ইউনিটের আওতায় রয়েছে জীববিজ্ঞান স্কুলের ডিসিপ্লিনগুলো। ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও অন্যান্য নির্দেশনা পরবর্তী সময় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) স্নাতক ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ২৪ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ২৮ জানুয়ারি। ৬ সেপ্টেম্বর ২০২৬ বিশ্ববিদ্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিশ্ববিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে বিভিন্ন অনুষদে স্নাতক কোর্সে লেভেল-১, সেমিস্টার-১ এ ছাত্রছাত্রী ভর্তির জন্য গঠিত ভর্তি কমিটির প্রথম সভার সিদ্ধান্ত মোতাবেক ভর্তি পরীক্ষা ২৪ থেকে ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বিস্তারিত সময়সূচি পরবর্তী সময়ে ওয়েবসাইটে জানানো হবে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। পূর্বঘোষিত ২৬ ও ২৭ জানুয়ারির পরিবর্তে ১৭ ও ১৮ জানুয়ারি শাবিপ্রবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হবে। শাবিপ্রবির ভর্তি পরীক্ষার একটি কেন্দ্র সেখানে রয়েছে। এ অবস্থায় পরীক্ষার্থীদের যাতায়াত ও আবাসন ভোগান্তি হ্রাস এবং সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পাদনের স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) স্নাতকে ভর্তি পরীক্ষা শুরু হবে ১৮ ডিসেম্বর ২০২৬ সি ইউনিটের (বিজ্ঞান) মাধ্যমে। পরদিন ১৯ ডিসেম্বর ইউনিট এ ও বি (ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার)-এর ভর্তি পরীক্ষা হবে। প্রথম দিনের ভর্তি পরীক্ষা সকালে; দ্বিতীয় দিনের পরীক্ষা সকালে ও বিকেলে নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হতে পারে। প্রাথমিকভাবে এই তারিখ নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি কমিটি। চুয়েটে এবার চারটি অনুষদের অধীনে ১২টি বিভাগে মোট আসনসংখ্যা রয়েছে ৯৩১। এর মধ্যে ১১টি আসন বিভিন্ন কোটায় সংরক্ষিত। পুরকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল, যন্ত্রকৌশল ও স্থাপত্য অনুষদের এসব বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে। 

ভর্তি পরীক্ষা দুটি গ্রুপে অনুষ্ঠিত হবে। ইঞ্জিনিয়ারিং বিভাগগুলোর পাশাপাশি নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ নিয়ে ক গ্রুপ। অন্যদিকে ইঞ্জিনিয়ারিং বিভাগ, নগর ও অঞ্চল পরিকল্পনা এবং স্থাপত্য বিভাগ নিয়ে গঠিত হবে খ গ্রুপ। তবে চলতি শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার যোগ্যতা, বিষয়ভিত্তিক মানবণ্টন ও অন্যান্য শর্তে কোনো পরিবর্তন আসবে কি-না, তা একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের পর ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হবে।

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা হবে বিএসসি অনার্স ইন ওশানোগ্রাফি, বিএসসি অনার্স ইন নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং, বিবিএ ইন পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিকস, এলএলবি অনার্স ইন মেরিটাইম ল এবং বিএসসি অনার্স ইন ফিশারিজ প্রোগ্রামে। ভর্তি আবেদনের সময়সীমা ও ভর্তি-সংক্রান্ত অন্যান্য বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে ওয়েবসাইটে।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের জানুয়ারির শুরুতে অনুষ্ঠিত হবে। বিইউপির ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- এবার ছয়টি অনুষদের ভর্তি পরীক্ষা চার দিনে অনুষ্ঠিত হবে। আগামী ১ ও ৯ জানুয়ারি বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২ জানুয়ারি আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদের ভর্তি পরীক্ষা এবং ৮ জানুয়ারি সায়েন্স ও টেকনোলজি অনুষদ, ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি অনুষদ, মেডিক্যাল স্টাডিজ অনুষদ ও সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে ভর্তি পরীক্ষার আবেদনের সময়সূচির কথা উল্লেখ করা হয়নি।

কৃষি গুচ্ছ

কৃষি গুচ্ছভুক্ত নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২ জানুয়ারি। এবারের ভর্তি কার্যক্রমের নেতৃত্ব দেবে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে ১৫ নভেম্বর ২০২৬। শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ১০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। শিক্ষার্থীদের সুবিধার্থে কুমিল্লার পাশাপাশি চট্টগ্রাম ও রাজশাহীতে এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ইউনিটের (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) ভর্তি পরীক্ষা ৫ ফেব্রুয়ারি ২০২৭ বেলা ১১টায়, বি ইউনিটের (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ) ভর্তি পরীক্ষা ৬ ফেব্রুয়ারি ২০২৭ বেলা ৩টায় এবং সি ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) ভর্তি পরীক্ষা ৭ ফেব্রুয়ারি ২০২৭ বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।

সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত ভর্তি

সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা ১৯ মার্চ ২০২৭ থেকে শুরু হবে। ওই দিন ‘বি ’ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। এরপর সি আর ডি ইউনিটের ভর্তি পরীক্ষা ২০ মার্চ এবং এ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ মার্চ অনুষ্ঠিত হবে। এ ছাড়া ভর্তি আবেদন ও অন্যান্য তথ্য পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। গত বছরে যুক্ত থাকা ২০টি বিশ্ববিদ্যালয়ে সঙ্গে নতুনভাবে আরও ২-৩টি বিশ্ববিদ্যালয় যুক্ত হতে পারে বলেও জানা গেছে। তবে শিক্ষা কার্যক্রম প্রাথমিক পর্যায়ে থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদনের ওপর।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামী বছরের ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে ১১টি বিভাগ রয়েছে। ১১টি বিভাগে মোট ৬৩০টি আসনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। বিভাগগুলো হলো- ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং (৮০), ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং (৮০), ফেব্রিক ইঞ্জিনিয়ারিং (৮০), অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং (৮০), টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট (৮০), টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন (৪০), ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (৪০), টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স (৪০), ডাইস অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং (৪০), এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (৪০) ও টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং (৩০)।