এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন শুরু আজ

এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়ার আবেদন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর)। অনলাইনে ফরম পূরণ ও নির্ধারিত ফি জমা দিয়ে এ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করতে হবে। আগামী ১ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার থেকে শনিবার (৭ নভেম্বর) পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইনে ফরম পূরণ করা যাবে। পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ ৮ নভেম্বর।

কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

যেভাবে আবেদন করবেন

ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা প্রকাশ করা হবে। ওই তালিকা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইনে ফরম পূরণ করতে হবে।

পরীক্ষার ফি সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে ঢাকা শিক্ষা বোর্ডের সচিবের অনুকূলে সোনালী সেবার মাধ্যমে জমা দিতে হবে। টাকা জমার রসিদ শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে।

ব্যাংকে ফি জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত পরীক্ষার্থী তালিকা সক্রিয় হবে। এরপর তালিকা যাচাই করে পরীক্ষার্থীদের স্বাক্ষর নিতে হবে। তালিকার প্রতিটি পৃষ্ঠায় প্রতিষ্ঠানপ্রধানের স্বাক্ষর থাকতে হবে। পরীক্ষার্থীদের স্বাক্ষরসহ চূড়ান্ত তালিকার প্রিন্ট কপি শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একই নামে একাধিক শিক্ষার্থী থাকলে রেজিস্ট্রেশন নম্বরের ভিত্তিতে প্রকৃত পরীক্ষার্থী শনাক্ত করতে হবে। এ ক্ষেত্রে ভুল করে অন্য কারও নাম নির্বাচিত হলে তার দায় প্রতিষ্ঠানপ্রধানকে বহন করতে হবে।

কোন সিলেবাসে পরীক্ষা

নিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা হবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ২০২৬ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী। আর অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে শিক্ষা বোর্ডের ২০২৫ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি।

পরীক্ষার ফি কত

ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, সাপ্লিমেন্টারি পরীক্ষায় তত্ত্বীয় প্রতি পত্র বা বিষয়ের জন্য ১২৫ টাকা এবং ব্যবহারিক প্রতি পত্র বা বিষয়ের জন্য ২৫ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া পরীক্ষাকেন্দ্রের ফি জনপ্রতি ৪৫০ টাকা।

কেন্দ্র ফি পরীক্ষার্থীদের কাছ থেকে সংগ্রহ করে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দিতে হবে। তত্ত্বীয় বিষয়ের কেন্দ্র ফি থেকে কলেজগুলো নিজস্ব ব্যয় নির্বাহের জন্য ১০ শতাংশ রাখতে পারবে। বাকি ৯০ শতাংশ অর্থ পরীক্ষাকেন্দ্রের ব্যয় নির্বাহে ব্যয় হবে।

এ ছাড়া অব্যবহৃত উত্তরপত্র ও পরীক্ষা-সংশ্লিষ্ট অন্যান্য সরঞ্জাম বোর্ড অফিস থেকে সংগ্রহের খরচসহ কেন্দ্রের যাবতীয় ব্যয় এ ফি থেকেই নির্বাহ করতে হবে।