দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ‘মাদক ও ইভ টিজিং প্রতিরোধ কমিটি’ গঠনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষক, অভিভাবক, স্থানীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে এসব কমিটি গঠন করতে বলা হয়েছে। কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদনও পাঠাতে হবে।
জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কমিটির সভায় নেওয়া সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
গত ৫ নভেম্বর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে মাদক ও ইভ টিজিং প্রতিরোধ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়।
চিঠিতে বলা হয়েছে, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক, অভিভাবক, স্থানীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে ‘মাদক ও ইভ টিজিং প্রতিরোধ কমিটি’ গঠন করতে হবে। কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করতে মাউশির আঞ্চলিক পরিচালকদের তাঁদের অঞ্চলের আওতাধীন কলেজগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, কমিটি গঠনের প্রতিবেদন তিন কর্মদিবসের মধ্যে অধিদপ্তরের ই-মেইল ad-admin@dshe.gov.bd ঠিকানায় পাঠাতে হবে।
মাউশির চিঠিটি দেশের সব অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক এবং সরকারি-বেসরকারি কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষদের কাছে পাঠানো হয়েছে।