মাভাবিপ্রবিতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)। দিবসটি উপলক্ষে তাঁর মাজারে শ্রদ্ধা নিবেদন, তবারক বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম ও প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আনিছুর রহমানের নেতৃত্বে মাওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, অফিসপ্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া ভাসানী পরিবারের সদস্য, টাঙ্গাইল প্রেস ক্লাব এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকেও পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৮টায় তবারক বিতরণ করা হয়। বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আয়োজন করা হয় মিলাদ ও দোয়া মাহফিল।

দিবসটি উপলক্ষে এর আগের কয়েক দিন ধরেও নানা কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে ১৫ নভেম্বর মাওলানা ভাসানীর জীবন, কর্ম, রাজনৈতিক দর্শন ও জাতীয় জীবনে তাঁর অবদান নিয়ে ‘মাওলানা ভাসানীর বিশ্বশান্তি দর্শন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী রিসার্চ সেন্টারের উদ্যোগে নির্মিত তাঁর জীবন ও কর্মভিত্তিক ২৫ মিনিটের একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সপ্তাহব্যাপী ভাসানী মেলার আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী, গবেষক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মজলুম জননেতা মাওলানা ভাসানীর সংগ্রামী জীবন, রাজনৈতিক আদর্শ, দেশপ্রেম এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।