তীব্র তাপপ্রবাহের কারণে এক সপ্তাহ বন্ধ থাকার পর রোববার (২৮ এপ্রিল) খুলছে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়। তবে প্রাক-প্রাথমিক শ্রেণির কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। শনিবাার (২৭ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, এক শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে। দুই শিফটে পরিচালিত বিদ্যালয়গুলোর ১ম শিফট সকাল ৮টা থেকে সকাল সাড়ে ৯টা এবং দ্বিতীয় শিফট পৌনে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলমান থাকবে।
শিক্ষা মন্ত্রণালয় মনে করে, দেশের বর্তমান তাপমাত্রা বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা নয়। এ ছাড়া দেশে সব অঞ্চলের বর্তমান তাপমাত্রাও সমান নয়। এ জন্য ২৮ এপ্রিল থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রস্তুতির অংশ হিসেবে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের বাইরের কার্যক্রম থেকে বিরত রাখতে হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অ্যাসেম্বলি (প্রাত্যহিক সমাবেশ) বন্ধ থাকবে।