জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ কাজের প্রক্রিয়া আগামী তিন কার্যদিবসের মধ্যে ‘চূড়ান্ত হবে’ বলে আশ্বাস দিয়েছেন উপাচার্য অধ্যাপক মো: রেজাউল করিম।
তিনি বলেছেন, আগামী সপ্তাহে সেনাবাহিনীর সদস্যরা কেরানীগঞ্জের তেঘরিয়ায় গিয়ে জায়গা পরিদর্শন করে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ কাজ নিজেদের তত্ত্বাবধানে নেবে; তবে আশ্বাস মিললেও কাম্পাসে শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
সচিবালয়ে মন্ত্রণালয় ও সেনাবাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বুধবার (১৫জানুয়ারি) সকালে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন উপাচার্য রেজাউল করিম।
উপাচার্য বলেন, ‘সচিবালয়ে আজকে আমাদের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হবে। তারা (সেনাবাহিনী) কাজটি নিতে সম্মতি প্রকাশ করেছে। আগামী রোববার সেনাবাহিনী দ্বিতীয় ক্যাম্পাস পরিদর্শনে যাবে। তারা ভিজিট করে কোন কাজ কী পর্যায়ে আসে তা দেখে তারা সবকিছু তত্ত্বাবধানে নিবে।‘
“ক্যাম্পাসের কাজের অগ্রগতির ব্যাপারে মিটিংয়ে একটা কমিটিও করা হয়েছে। এই কমিটি আগামী 'তিন কার্যদিবস' এর মধ্যে নির্মাণ প্রক্রিয়া চূড়ান্ত রিপোর্ট দিয়ে দিবে ।"
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষা মন্ত্রণালয় এবং সেনবাহিনীর সদস্যরা এই কমিটিতে আছেন বলেও জানিয়েছেন অধ্যাপক রেজাউল করিম।
শিক্ষার্থীদের অস্থায়ী আবাসন নিয়ে উপাচার্য বলেছেন, পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের কাজ দ্রুত শেষ করার বিষয়ে সেনাবাহিনী মৌখিকভাবে সম্মতি জানিয়েছে।
সচিবালয়ের ওই বৈঠকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য ছাড়াও বিশ্ববিদ্যালয়টির নতুন ক্যাম্পাসের প্রকল্প পরিচালক, প্রধান প্রকৌশলী এবং প্রকল্পটির সহকারী পরিচালক উপস্থিত ছিলেন।