টরোন্টোতে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনীতে বাংলাদেশের ‘সাবিত্রী’

মহান বিজয় দিবস উপলক্ষে কানাডার টরন্টোতে প্রদর্শিত হলো বাংলাদেশের বিশেষ চলচ্চিত্র ‘সাবিত্রী’। মুক্তিযুদ্ধ এবং যুদ্ধ-পরবর্তী সময়ের কঠিন ও রূঢ় বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমাটি প্রবাসী দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

টরন্টো ফিল্ম ফোরামের উদ্যোগে গত শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনীর অন্যতম আকর্ষণ ছিল ‘সাবিত্রী’। চা-শ্রমিক এক নারীর জীবনের ওপর ভিত্তি করে নির্মিত এই সিনেমাটিতে একজন নারী মুক্তিযোদ্ধার সংগ্রাম, মাতৃত্বের হাহাকার এবং যুদ্ধ-পরবর্তী সামাজিক লাঞ্ছনার চিত্র অত্যন্ত সংবেদনশীলভাবে ফুটিয়ে তোলা হয়েছে। প্রদর্শনীর পর উপস্থিত দর্শকরা সিনেমাটির শক্তিশালী নির্মাণ ও মানবিক আখ্যানের ভূয়সী প্রশংসা করেন।

এ প্রসঙ্গে নির্মাতা পান্‌থ প্রসাদ সময় সংবাদকে জানান, ‘বিজয়ের মাসে প্রবাসী বাঙালি প্রাণকে মুক্তিযুদ্ধের চেতনায় পুনরুজ্জীবিত করতে পেরে দারুণ খুশি। এ ধরণের কাজের সুযোগ পেলে প্রজান্মন্তরের কাছে দেশের ইতিহাস ও সংস্কৃতি সমৃদ্ধির সর্বোচ্চ প্রয়াস থাকবে।’

‘সাবিত্রী’ শুধু যুদ্ধের ইতিহাস নয়, এটি এক নারীর অসাধারণ সাহস, আত্মত্যাগ ও টিকে থাকার লড়াইয়ের প্রতিচ্ছবি। মুক্তিযুদ্ধ ও তার পরবর্তী সময়ে সমাজ, রাষ্ট্র এবং বিচারপ্রক্রিয়ায় একজন নারীর জীবনের যে জটিল ও বেদনাবিধুর পথচলা- চলচ্চিত্রটি তা অত্যন্ত সংবেদনশীলভাবে তুলে ধরেছে।