স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় মামলা হওয়ার পর প্রথমবারের মতো জনসমক্ষে মুখ খুলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী।
সোমবার (২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়ে তিনি নিজের অবস্থান পরিষ্কার করেন এবং কেন আড়ালে আছেন, তার ব্যাখ্যা দেন।
ভিডিও বার্তায় জাহের আলভী জানান, তিনি কখনোই তার ব্যক্তিগত জীবনের ট্র্যাজেডি বা পারিবারিক বিষয় নিয়ে জনসমক্ষে আলোচনা করতে চাননি। তিনি বলেন, ‘আমার স্ত্রী ইকরা যেহেতু এই পৃথিবীতে নেই, তাকে নিয়ে এত ক্ল্যারিফিকেশন বা কাটাছেঁড়ার দরকার নেই বলে আমি মনে করেছি। আমি সবসময়ই চেয়েছি ঘরের ব্যাপার ঘরেই রাখতে।’
ইকরার মৃত্যুতে নিজেকে মানসিকভাবে ‘পাথর’ হয়ে যাওয়ার মতো পরিস্থিতির সঙ্গে তুলনা করে আলভী বলেন, ‘আমি কোনো কিছু গুছিয়ে বলার মতো অবস্থায় নেই। ওর মৃত্যু আমাকে যে ট্রমা দিয়েছে, তা বর্ণনাতীত। কিন্তু আপনারা গল্পের একটা পাতা পড়েই পুরোটা জাজ করছেন। এক পক্ষ পড়ে অন্য পাশটা না জানা তো ঠিক না।’
বর্তমানে দেশের বাইরে অবস্থান করা এই অভিনেতা জানান, গণপিটুনি বা ‘মব’ ভায়োলেন্সের আশঙ্কায় তিনি দেশে ফিরতে পারছেন না। তিনি বলেন, ‘আপনারা কি আমার দেশে আসার মতো পরিস্থিতি রেখেছেন? আমি আসা মাত্রই আমার ওপর মব তৈরি হবে। আমার ফোনে এত হুমকি আসছে যে আমি বলে বোঝাতে পারব না। এয়ারপোর্টের বাইরেও লোকজন রেডি করা আছে আমাকে মারার জন্য।’
আইনি প্রক্রিয়া মোকাবিলা করতে রাজি থাকলেও জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত আলভী। নিজের শিশুপুত্রের কথা উল্লেখ করে তিনি আবেগপ্রবণ হয়ে বলেন, ‘আমি মারা গেলে আমার বাচ্চার কী হবে? আপনারা কি চান রিজিক তার বাবাকেও হারাক? পুলিশ ধরে নিয়ে গেলে আমি তা আইনগতভাবে ফেস করব, কিন্তু মব জাস্টিস চাই না।’
উল্লেখ্য, গত সপ্তাহে জাহের আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যার ঘটনাটি দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে, যার প্রেক্ষিতে আলভীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।