ওড়িশার তালসারিতে শুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে মৃত্যু হলো টলিউডের অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় অভিনেতা ৪৩ বছরের রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। তার এই অকাল ও করুণ পরিণতির খবরে স্তম্ভিত গোটা বিনোদন জগৎ।
সূত্রের খবর, একটি নতুন প্রজেক্টের শুটিংয়ের কাজে তালসারিতে গিয়েছিলেন রাহুল। সমুদ্রের ধারে দৃশ্যগ্রহণের সময় আচমকাই দুর্ঘটনা ঘটে এবং তিনি উত্তাল ঢেউয়ের কবলে পড়ে গভীর সমুদ্রে তলিয়ে যান। সে সময় সেটে উপস্থিত কলাকুশলী ও টেকনিশিয়ানরা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করেন। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করা সম্ভব হলেও শেষ রক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন অভিনেতা।
ধারাবাহিকে রাহুলের জেঠুর চরিত্রে অভিনয় করেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ধারাবাহিকের সকলে তালসারিতে শুটিং করতে গিয়েছিলেন। ভাস্করের কথায়, ‘পানিত ডুবে মৃত্যু হয়েছে রাহুলের। মর্মান্তিক ঘটনা। ঘটনাটি প্যাক আপের পরে ঘটেছে। তবে ঠিক কী ভাবে ঘটেছে তা এখনও স্পষ্ট নয়।’
শোনা যাচ্ছে, বেশ কিছুক্ষণ পানির তলায় ছিলেন তিনি। অনেকটা সময় পেরিয়ে গেলেও তিনি না ফেরায় তখন তাকে আনতে যাওয়া হয়।
রাহুলের মতো একজন প্রতিভাময় অভিনেতার এমন আকস্মিক বিদায়ে শোকের ছায়া নেমে এসেছে তার সহকর্মী ও অনুরাগীদের মধ্যে। সূত্র: আনন্দবাজার পত্রিকা