দীর্ঘ ২৪ দিন নিখোঁজ থাকার পর অবশেষে সন্ধান মিলল টালিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের। তিনি বর্তমানে ভারতের রাজধানী দিল্লিতে এক বন্ধুর বাসায় অবস্থান করছেন। রোববার (২৬ এপ্রিল) তার পরিবার এই স্বস্তির খবর নিশ্চিত করেছে। তবে তিনি কেন হঠাৎ কাউকে না জানিয়ে দিল্লিতে চলে গেলেন, তা নিয়ে এখনও রহস্য কাটেনি।
উৎসব মুখোপাধ্যায়ের স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায় একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানান যে, এক পরিচিত ব্যক্তির মাধ্যমে তিনি স্বামীর অবস্থান সম্পর্কে জানতে পেরেছেন। মৌপিয়া লেখেন, ‘উৎসবের খোঁজ পেয়েছি। ও এখন এক বন্ধুর সঙ্গে আছে। আমি ওকে ফিরিয়ে আনার চেষ্টা করছি। এই মুহূর্তে এর বেশি কিছু বলতে পারছি না, আমাদের একটু সময় দিন।’
প্রায় ২৪ দিন আগে বাড়ি থেকে ব্যাঙ্কে টাকা তোলার কথা বলে বেরিয়েছিলেন এই পরিচালক। যাওয়ার সময় নিজের মোবাইল ফোনটি বাড়িতে রেখে বাবার ফোনটি সঙ্গে নিয়েছিলেন। ওই দিন দুপুরে বাবার ফোন থেকেই পরিবারের সঙ্গে শেষবার কথা বলেন তিনি। এরপরই ফোনটি বন্ধ করে দেন। গভীর রাত পর্যন্ত বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে স্ত্রী মৌপিয়া আনন্দপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
পুলিশ জানিয়েছে, তদন্তের একপর্যায়ে মোবাইল টাওয়ার লোকেশন অনুযায়ী উৎসবের শেষ অবস্থান পাওয়া গিয়েছিল কলকাতার উল্টোডাঙা স্টেশন এলাকায়। সেখান থেকে তিনি কীভাবে বা কেন দিল্লিতে পৌঁছালেন, সে বিষয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে। পরিবারের সঙ্গে দীর্ঘ সময় যোগাযোগ বিচ্ছিন্ন রাখা এবং হঠাৎ করে সব ছেড়ে চলে যাওয়ার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।
উৎসব মুখোপাধ্যায়ের সন্ধান পাওয়ায় টালিউড পাড়ায় এবং তার পরিচিত মহলে স্বস্তি নেমে এসেছে। এখন কেবল তার কলকাতায় ফেরার অপেক্ষায় দিন গুনছে পরিবার।