যে কারণে এবারও এফডিসিতে কোরবানি দিচ্ছেন না পরীমনি

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে বরাবর তিনি সরব। দীর্ঘদিন ধরেই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) অসচ্ছল সহশিল্পীদের মুখে হাসি ফোটাতে কোরবানর আয়োজন করে আসছিলেন তিনি। তবে গত কয়েক বছর ধরে সেই আয়োজনে শামিল হতে দেখা যায়নি এ অভিনেত্রীকে। 

এবারও এফডিসিতে কোরবানি দিচ্ছেন না বলে গণমাধ্যমকে জানিয়েছেন পরীমনি। এবারের ঈদ নিজ বাড়িতে উদযাপন করবেন বলে জানান পরীমনি। এরপরও অভিনেত্রীর প্রত্যাশা, তার অনুপস্থিতিতেও এফডিসির সহশিল্পীদের ঈদ যেন আনন্দমুখর হয়। 

পরীমনি বলেন, আমি চাই এফডিসিতেও কোরবানিটা হোক। ২০১৬ সাল থেকে সবসময় কোরবানিটা এফডিসির সঙ্গে করেছি। এবার নিয়ে হয়তো চার বছর হয়ে গেল আমি এফডিসিতে কোরবানি দিচ্ছি না। এর নানা কারণ আছে। তবে আমি চাই আমার সহশিল্পীরা, যাদের অনেকেই দরিদ্র হিসেবে পরিচিত, তারাও যেন উৎসবমুখরভাবে ঈদ উদযাপন করতে পারেন। আমি থাকি আর না থাকি, তাদের আনন্দটা যেন থাকে।

দীর্ঘদিন পর নিজ গ্রামে গিয়ে কোরবানি দেবেন এই চিত্রনায়িকা। তিনি বলেন, আমার নানু ভাই সবসময় চাইতেন আমি বাড়ি গিয়ে পরিবারের সবার সঙ্গে ঈদ করি। নিজের হাতে কোরবানির মাংস সবাইকে বিলিয়ে দিই। প্রায় আট-নয় বছর শুধু এফডিসির জন্য বাড়িতে যাওয়া হয়নি।পরে মনে হয়েছে, এফডিসির দায়িত্বটা অন্য কেউ সামলাচ্ছে বলেই আমি দায়িত্বটা হ্যান্ডওভার করতে পেরেছি। এরপর থেকেই আবার গ্রামের বাড়িতে যাওয়া শুরু করি।

ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার ইচ্ছার কথা জানিয়ে সবশেষে এই অভিনেত্রী বলেন, ‘আমি জানি না কতটুকু কিভাবে করতে পারছি, তবে চেষ্টা করছি ঈদটাকে উৎসবমুখর করতে। ঈদ আনন্দ আর খুশির বার্তা নিয়ে আসে। আমি চাই সবার মুখে হাসি থাকুক, সবার অন্তরে আনন্দ থাকুক। আর কিছু চাওয়া নেই।’