ঈদুল আজহাকে সামনে রেখে বড় পর্দায় দর্শক মাতাতে আসছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত বহুল আলোচিত সিনেমা রকস্টার। পরিচালক আজমান রুশো নির্মিত সিনেমাটি নিয়ে ইতোমধ্যেই দর্শকদের আগ্রহ তুঙ্গে পৌঁছেছে।
টিজার ও পোস্টার প্রকাশের পর দেশজুড়ে শুরু হয়েছে সিনেমাটির জোর প্রচারণা। বিভিন্ন জেলা শহরের বিলবোর্ডেও দেখা যাচ্ছে ‘রকস্টার’-এর প্রচার। এরই মধ্যে সামাজিক মাধ্যমে নতুন এক পোস্টার প্রকাশ করে আলোচনায় আরও আগুন ঢেলেছেন শাকিব খান।
নতুন পোস্টারে তাকে দেখা গেছে একেবারে ভিন্ন এক লুকে। জ্বলন্ত গাড়ির দরজা খুলে স্টাইলিশ ভঙ্গিতে বসে আছেন তিনি। মাথায় ড্রেডলক চুল, চোখে কালো চশমা, পরনে কালো স্লিভলেস পোশাক ও থ্রি-কোয়ার্টার জিন্স। হাতে ধরা ইলেকট্রিক গিটার থেকেও বের হচ্ছে আগুনের কুণ্ডলী।
পুরো পোস্টারজুড়ে তৈরি হয়েছে বিদ্রোহী ও আক্রমণাত্মক এক রকস্টার আবহ, যা ভক্তদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি করেছে।
পোস্টারটি শেয়ার করে শাকিব খান লিখেছেন, ‘সব হাত গিটার ধরে না। কোনো কোনো হাত বিপ্লব ঘটায়! রকস্টার।’
জানা গেছে, সিনেমাটিতে এক রকস্টারের উত্থান, খ্যাতি, সম্পর্কের টানাপোড়েন ও জীবনের পতনের গল্প তুলে ধরা হবে। এতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা এবং সুনিধি নায়েক।
ঈদের মুক্তির তালিকায় থাকা একাধিক সিনেমার মধ্যে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ‘রকস্টার’।