প্রায় দুই বছর পর আবারও ওটিটিতে দেখা যেতে যাচ্ছে জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে। এর আগে শিহাব শাহীনের ‘গোলাম মামুন’ সিরিজে নাম ভূমিকায় একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন তিনি। এবার তিনি ফিরছেন একেবারে ভিন্ন চরিত্রে একজন সাংবাদিক হিসেবে।
নতুন এই সিরিজের নাম ‘হেডলাইন’, এটি নির্মাণ করেছেন সালেহ সোবহান অনীম। সিরিজটি আগামী ২৫ জুন ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে মুক্তি পাবে। মুক্তি উপলক্ষে ইতোমধ্যে এর ট্রেলার প্রকাশ করা হয়েছে। ট্রেলার থেকে ধারণা পাওয়া যায়, সিরিজটিতে সাংবাদিকতার চ্যালেঞ্জ, সিস্টেমের ভেতরে থাকা অনিয়ম ও দুর্নীতি, পাশাপাশি পারিবারিক সম্পর্ক, ব্যক্তিগত সংকট এবং মানবিক টানাপোড়েনের গল্প সমান্তরালে তুলে ধরা হয়েছে।
আট পর্বের এই সিরিজে অপূর্ব ছাড়াও অভিনয় করেছেন ইয়াশ রোহান, আফসান আরা বিন্দু, সারিকা সাবরিন, ফারহানা হামিদ, শ্যামল মাওলা, রাই রাজন্যা, অর্নিল বিরল, মনিরুল ইসলাম রুবেল, আমিনুর রহমান মুকুল, এ কে আজাদ সেতু, সাহানা রহমান সুমি, আরিফিন জিলানী, জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে।
সিরিজে অপূর্ব অভিনয় করেছেন সাংবাদিক জহির চরিত্রে। চরিত্রটি নিয়ে তিনি বলেন, জহিরের একটি দারুণ গ্রাফ রয়েছে। গল্পের বিভিন্ন পর্যায়ে তাকে ভিন্ন ভিন্ন রূপে দেখা যায় কখনো সে আবেগপ্রবণ, আবার কখনো কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। একজন অভিনেতা হিসেবে এমন বহুস্তরীয় চরিত্র সবসময়ই তাকে আকর্ষণ করে।
অন্যদিকে, এই সিরিজের মাধ্যমে প্রায় তিন বছর পর আবারও ওটিটিতে ফিরছেন আফসান আরা বিন্দু। তিনি দর্শকের প্রতিক্রিয়া দেখার অপেক্ষায় আছেন।
ইয়াশ রোহানও জানিয়েছেন তার অভিজ্ঞতার কথা। তিনি বলেন, এই চরিত্রটির জন্য তিনি দীর্ঘদিন অপেক্ষা করেছেন। সামিউল চরিত্রে অভিনয়ের সময় তিনি নিজের ভেতরের ‘ইয়াশ’কে ভুলে গিয়ে পুরোপুরি চরিত্রে ঢুকে গিয়েছিলেন। তার মতে, এটি এমন একটি চরিত্র যেখানে তিনি মন-প্রাণ দিয়ে কাজ করেছেন। তিনি আশা করেন, দর্শকরা সামিউলের গল্প ও অনুভূতির সঙ্গে সহজেই কানেক্ট করতে পারবেন।