বিজয়-রাশমিকার বিয়ের ছবি প্রকাশ্যে

অবশেষে চার হাত এক হলো ‘বিরোশ’ জুটির

দীর্ঘদিনের জল্পনা আর ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় দুই তারকা বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজস্থানের উদয়পুরের একটি রাজকীয় প্রাসাদে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের শুভ পরিণয় সম্পন্ন হয়।

বিয়ের পর এই নবদম্পতি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে উৎসবের প্রথম ঝলক ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। ভক্তদের কাছে ‘বিরোশ’ নামে পরিচিত এই জুটির বিয়ের সাজে ছিল আভিজাত্য ও ঐতিহ্যের ছোঁয়া। বিজয় দেবরাকোন্ডা পরেছিলেন ধবধবে সাদা ধুতি এবং লাল রঙের জমকালো উত্তরীয়।

অন্যদিকে রাশমিকা বেছে নিয়েছিলেন লাল রঙের কারুকার্যখচিত শাড়ি ও কপালে নজরকাড়া সোনার টায়রা। দক্ষিণ ভারতীয় রীতি অনুযায়ী, কুনজর থেকে বাঁচতে দুজনের গালেই আঁকা ছিল একটি করে কালো তিল।

বিয়ের ছবি শেয়ার করে আবেগঘন ক্যাপশনে বিজয় লেখেন, ‘আমি বুঝতে পেরেছি ওকে আমার কতটা প্রয়োজন। ও পাশে থাকলে মনে হয় আমি আমার ঘরেই আছি। আমি আমার প্রিয় বন্ধুকেই জীবনসঙ্গী হিসেবে পেয়েছি।’ অন্যদিকে রাশমিকাও একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে বিজয়ের প্রতি তার ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

দুই পরিবারের সম্মতিতে তেলুগু রীতির পাশাপাশি কনে রাশমিকার ঐতিহ্য মেনে কর্ণাটকের ‘কোডাভা’ রীতিতেও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ সিনেমায় অভিনয়ের পর থেকেই তাদের প্রেমের গুঞ্জন শুরু হয়েছিল। পর্দার সেই রসায়ন এবার বাস্তবেও পূর্ণতা পেল। বর্তমানে এই তারকা দম্পতির রাজকীয় বিয়ের ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল।