ভারতজুড়ে মিষ্টি খাওয়াবেন বিজয়-রাশমিকা!

সদ্য রাজকীয় আয়োজনে বিয়ের কাজ সেরেছেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। দীর্ঘ আট বছরের প্রেমের এই সফল পরিণয়ে শুধু এই দম্পতিই নন, বরং আনন্দে ভাসছেন তাদের কোটি অনুরাগীও। তবে এই আনন্দ কেবল নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চান না বিজয়-রাশমিকা; বিয়ের খুশিতে ভারতজুড়ে সাধারণ মানুষের মাঝে মিষ্টি ও খাবার বিতরণের এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন তারা।

গত রোববার (১ মার্চ) থেকে ভারতের বিভিন্ন রাজ্যের মন্দিরগুলোতে ট্রাকভর্তি মিষ্টি ও খাবার পাঠানোর মাধ্যমে এই উৎসবের আমেজ ছড়িয়ে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাশমিকা ও বিজয় স্বয়ং নিজ হাতে ভক্ত ও সাধারণ মানুষের মাঝে খাবারের প্যাকেট তুলে দিচ্ছেন।

এক যৌথ বিবৃতিতে বিজয় ও রাশমিকা জানান, তাদের এই দীর্ঘ পথচলায় ভক্তদের নিঃস্বার্থ ভালোবাসা ও সমর্থন সব সময় তাদের শক্তি যুগিয়েছে। সেই কৃতজ্ঞতা থেকেই ভারতীয় ঐতিহ্য মেনে শুভ কাজের পর মিষ্টিমুখ করানোর রীতি অনুযায়ী তারা বিভিন্ন রাজ্যের মন্দিরে সুস্বাদু খাবার ও মিষ্টি পাঠিয়েছেন।

একই সঙ্গে তারা বিশেষ ‘অন্নদান’ কর্মসূচির মাধ্যমে অসহায় ও সাধারণ মানুষকে খাবার পরিবেশন করছেন। এই মহতী উদ্যোগের তালিকায় তেলেঙ্গানা, দিল্লি, উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র এবং কেরালাসহ ভারতের প্রায় ১৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অন্তর্ভুক্ত রয়েছে।

দীর্ঘ আট বছরের প্রেমের সম্পর্কের পর গত ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে বিয়ে সম্পন্ন করেন এই তারকা যুগল। সম্পূর্ণ দক্ষিণ ভারতীয় রীতি তথা তেলেগু ও কোডাভা ঐতিহ্য মেনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আগামী ৪ মার্চ হায়দরাবাদে তাদের বিয়ের গ্র্যান্ড রিসেপশন বা বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।