ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব সম্প্রতি তার ভারত সফর শেষ করেছেন। তবে তার এই সফরের একটি বিশেষ দিক নেটিজেনদের নজর কেড়েছে। তিনি জানিয়েছেন, ভারতে আসার আগে তিনি রণবীর সিং অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘ধুরন্ধর’ দেখেছেন। তার এই সিনেমা দেখার পেছনে মূল উৎসাহদাতা ছিলেন তার ছেলে।
সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে আলেকজান্ডার স্টাব বলেন, ‘মজার বিষয় হলো, ভারত আসার আগে আমার ছেলে আমাকে পরামর্শ দিয়েছিল যেন আমি ‘ধুরন্ধর’ দেখি। আমি সিনেমাটি দেখেছি এবং এটি আমার বেশ ভালো লেগেছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের যে গল্প এখানে দেখানো হয়েছে, আমি সেটিকে সমর্থন করি।’
তিনি আরও জানান, ১৯ মার্চ মুক্তি পেতে যাওয়া এই সিনেমার সিকুয়েল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ দেখার জন্যও তিনি মুখিয়ে আছেন।
সিনেমাটির সিকুয়েল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ মুক্তি পেতে আর মাত্র কয়েক দিন বাকি। আগামী ১৯ মার্চ এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। গত শনিবার থেকে এর অগ্রিম বুকিং শুরু হয়েছে এবং শুরুতেই এটি বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে। ইন্ডাস্ট্রি ট্র্যাকার ‘স্যাকনিল্ক’-এর তথ্য অনুযায়ী, ভারতে বিভিন্ন ভাষায় সিনেমাটি ইতিমধ্যে ১২.২৯ কোটি টাকার অগ্রিম টিকিট বিক্রি করেছে। ব্লক বুকিং সহ এই পরিমাণ ১৮.১ কোটি টাকায় দাঁড়িয়েছে। শুধু ভারতেই নয়, উত্তর আমেরিকাতেও সিনেমাটির টিকিট বিক্রির হার আকাশচুম্বী।
শনিবার মুক্তি পাওয়া সিনেমাটির ট্রেইলারে রণবীর সিংকে আগের চেয়েও বিধ্বংসী এবং ভয়ংকর অবতারে দেখা গেছে। এতে তিনি ‘জাসকিরাত’ ও ‘হামজা’- এই দুই চরিত্রে অভিনয় করেছেন। অ্যাকশন এবং টানটান উত্তেজনায় ঠাসা এই সিনেমায় রণবীর সিং ছাড়াও অভিনয় করেছেন অর্জুন রামপাল, আর মাধবন এবং সঞ্জয় দত্ত। গত বছর মুক্তি পাওয়া প্রথম কিস্তিটি বছরের সর্বোচ্চ আয়কারী সিনেমার তকমা পেয়েছিল। এখন দেখার বিষয়, দ্বিতীয় কিস্তিটি সেই সাফল্যকে কতদূর নিয়ে যেতে পারে।