বলিউড তথা বিশ্বজুড়ে ভক্তদের জন্য বড় এক সুখবর নিয়ে হাজির হলেন জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। আবারও বাবা-মা হতে চলেছেন এই তারকা জুটি।
রোববার (১৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিশেষ পোস্টের মাধ্যমে দ্বিতীয় সন্তানের আগমনের খবরটি ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন তারা।
ইনস্টাগ্রামে দীপিকা ও রণবীর একটি যৌথ ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায়, তাদের প্রথম কন্যা সন্তান ‘দুয়া’ একটি পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট কিট হাতে ধরে আছে। এই ছবিটির মাধ্যমেই তারা বুঝিয়ে দিয়েছেন যে তাদের পরিবারে নতুন অতিথির আগমন ঘটছে এবং দুয়া এবার বড় বোন হতে যাচ্ছে।
এই ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দনের বন্যায় ভাসছেন এই তারকা দম্পতি। ভক্ত-অনুরাগী থেকে শুরু করে বলিউডের সহকর্মীরাও তাদের প্রতি ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন। একজন অনুরাগী মন্তব্য করেছেন, ‘দুর্দান্ত খবর! দ্বিতীয় সন্তান আসছে, অনেক অভিনন্দন।’ দীপিকার শেয়ার করা এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
এর আগে ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর দীপিকা ও রণবীরের কোলজুড়ে এসেছিল তাদের প্রথম সন্তান দুয়া। মা হওয়ার পর থেকে দীপিকা তার সন্তান ও পরিবারের জন্য কিছুটা সময় বিরতি নিয়েছিলেন। তবে সম্প্রতি তাকে আবারও বিভিন্ন ইভেন্ট ও কাজে সরব হতে দেখা গেছে।
উল্লেখ্য, দীপিকা ও রণবীরের প্রেমের শুরু হয়েছিল ২০১৩ সালে ‘গোলিওঁ কি রাসলীলা রাম-লীলা’ সিনেমার সেটে। দীর্ঘ কয়েক বছর সম্পর্কের পর ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। এবার দ্বিতীয় সন্তানের আগমনের সংবাদ তাদের দাম্পত্য জীবনে নতুন এক আনন্দ বয়ে আনল।