ভেঙেই গেল মৌনি রায়ের সংসার

গত কয়েকদিন ধরে চলা সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিজেদের বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন বলিউড অভিনেত্রী মৌনি রায় ও তার স্বামী সুরজ নাম্বিয়ার। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করার পর থেকেই তাদের বিচ্ছেদের গুঞ্জন জোরালো হয়েছিল।

শুক্রবার  (১৫ মে )এক যৌথ বিবৃতির মাধ্যমে তারা আলাদা হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত ভক্তদের জানিয়েছেন।

বিবৃতিতে সংবাদমাধ্যমের একাংশের প্রতি ক্ষোভ প্রকাশ করে এই তারকা দম্পতি বলেন, ‘আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে অহেতুক চর্চা ও অনধিকার চর্চায় আমরা গভীরভাবে মর্মাহত। আমরা জানাতে চাই যে, আমরা পারস্পরিক সম্মতির ভিত্তিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই কঠিন সময়টি সামলে উঠতে আমাদের কিছুটা সময় প্রয়োজন।’

নিজেদের সম্পর্ক নিয়ে ছড়ানো নানা মুখরোচক গল্পের সমালোচনা করে তারা আরও বলেন, ‘আমাদের নিয়ে কিছু কাল্পনিক ও মিথ্যা গল্প ছড়ানো হচ্ছে, যার সাথে বাস্তবতার কোনো মিল নেই। আমরা নিজেদের সম্মান ও বোঝাপড়ার জায়গা থেকে আলাদা পথ বেছে নিয়েছি। ভবিষ্যতে আমরা আমাদের বন্ধুত্ব টিকিয়ে রাখার চেষ্টা করব।’

ভক্ত ও গণমাধ্যমের কাছে গোপনীয়তা রক্ষার বিনীত অনুরোধ জানিয়ে মৌনি ও সুরজ বলেন, ‘দয়া করে আমাদের নিয়ে কোনো ভিত্তিহীন গল্প ছড়াবেন না। আমরা এই মুহূর্তে চরম গোপনীয়তা প্রত্যাশা করছি।’

২০১৯ সালে দুবাইয়ে এক অনুষ্ঠানে মৌনি ও সুরজের পরিচয় হয়। দীর্ঘ তিন বছর প্রেমের পর ২০২২ সালের জানুয়ারিতে গোয়ায় জমকালো আয়োজনে মালয়ালি এবং বাঙালি- দুই রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা। মাত্র দুই বছরের মাথায় তাদের এই সুখের সংসার ভেঙে গেল।