গত বছরের ডিসেম্বরে ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন রণবীর সিং। এরপরই বিষয়টি নিয়ে বলিউডে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এমনকি ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িজ তার বিরুদ্ধে ‘অসহযোগিতা নির্দেশিকা’ জারি করেছিল। যদিও পরে সেই নির্দেশ প্রত্যাহার করে নেওয়া হয়।
এ পরিস্থিতিতে রণবীরের পাশে দাঁড়িয়েছেন প্রবীণ অভিনেত্রী ও সিন্টা-এর সভাপতি পুনম ধিলোঁ। তার দাবি, পুরো ঘটনায় রণবীরকে অযথাই সমালোচনা ও হয়রানির শিকার হতে হয়েছে।
পুনম ধিলোঁ বলেন, রণবীর কোনোভাবেই দায়িত্বজ্ঞানহীন বা অপেশাদার শিল্পী নন। তার মতে, ইচ্ছাকৃতভাবে কারও ক্ষতি করার মানসিকতা রণবীরের নেই। বরং প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্ট-এর সঙ্গে তার দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। এর আগে তিনি দিল ধাড়াকনে দো এবং গালি বয়-এর মতো সফল সিনেমায় এই ব্যানারের হয়ে কাজ করেছেন।
পুনম আরও বলেন, কোনো অভিনেতা কোনো চরিত্র বা প্রজেক্ট নিয়ে অস্বস্তি বোধ করতেই পারেন, যার পেছনে নানা কারণ থাকতে পারে। তবে রণবীরের বিশেষত্ব হলো, তিনি প্রযোজকদের সম্ভাব্য আর্থিক ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে নিজের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন। এমনকি সিনেমার জন্য নেওয়া সাইনিং অ্যামাউন্ট ফেরত দিতেও প্রস্তুত ছিলেন।
তার ভাষায়, একজন অভিনেতার পক্ষে এমন উদ্যোগ বিরল। তাই বিষয়টি নিয়ে রণবীরকে দোষারোপ না করে তার অবস্থান ও পেশাদারিত্বের দিকটিও বিবেচনা করা উচিত।