‘ফ্লপ অভিনেতা’ সংলাপ নিয়ে মুখ খুললেন অক্ষয়

বলিউড সুপারস্টার অক্ষয় কুমার অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ওয়েলকাম টু দ্য জঙ্গল-এর ট্রেলার প্রকাশের পর একটি সংলাপ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ট্রেলারে অক্ষয়ের চরিত্রকে ‘ফ্লপ অভিনেতা’ বলে সম্বোধন করা হয়, যা নিয়ে তার ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

সম্প্রতি মুম্বাইয়ে সিনেমাটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন অক্ষয় কুমার। তিনি দর্শক ও ভক্তদের অনুরোধ করেন, সংলাপটিকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে না দেখে গল্প ও চরিত্রের অংশ হিসেবে বিবেচনা করতে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অক্ষয় বলেন, “এটিকে সিনেমার গল্প এবং চরিত্রের প্রেক্ষাপট থেকেই দেখা উচিত। বাস্তব জীবনে আমার ক্যারিয়ার নিয়ে কোনো মন্তব্য হিসেবে নয়।” তিনি জানান, এ ধরনের সংলাপ প্রায়ই চরিত্র নির্মাণ এবং গল্পের প্রয়োজনে ব্যবহার করা হয়।

রসিকতার ছলে অভিনেতা বলেন, “আমাদের কখনো বলা হয় না যে এসব সংলাপ বাস্তব জীবনের কাউকে খোঁচা দেওয়ার জন্য ব্যবহার করতে হবে। আমি জানি দর্শকরা যথেষ্ট বুদ্ধিমান। তারা সিনেমাকে সিনেমা হিসেবেই দেখবেন। আমার জন্য খারাপ লাগার কারণে সবাইকে ধন্যবাদ, তবে বিষয়টিকে এতটা গুরুত্ব দিয়ে দেখার প্রয়োজন নেই।”

চার মিনিট ১০ সেকেন্ডের ট্রেলারটিতে কমেডি ও অ্যাকশনের দারুণ মিশ্রণ দেখা গেছে। এবার গল্পের পটভূমি শহর ছেড়ে চলে গেছে গভীর জঙ্গলে। সেখানে একদল অভিনেতা নানা ভুল বোঝাবুঝির কারণে বিপজ্জনক পরিস্থিতিতে জড়িয়ে পড়েন।

গল্পের কেন্দ্রে রয়েছেন অক্ষয় কুমার। তিনি এমন এক অভিনেতার চরিত্রে অভিনয় করেছেন, যার পরপর কয়েকটি সিনেমা ব্যর্থ হওয়ার পর নতুনভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে। বিপরীতে রয়েছেন জ্যাকলিন ফার্নান্দেজ। নতুন একটি প্রকল্পে সুযোগ পাওয়ার পর তার জীবনে পরিবর্তনের সূচনা হয়।

তবে শুটিংয়ের জন্য ভারত সীমান্তসংলগ্ন একটি গ্রামে পৌঁছানোর পর ঘটতে থাকে একের পর এক মজার ঘটনা। গ্রামের মানুষ অভিনেতাদের বাস্তব জীবনের সেনা সদস্য বা বীর যোদ্ধা মনে করে এবং জ্যাকি শ্রফ-এর নেতৃত্বাধীন একটি গ্যাংয়ের হাত থেকে রক্ষার অনুরোধ জানায়। এই ভুল বোঝাবুঝি থেকেই তৈরি হয় হাস্যরসাত্মক নানা পরিস্থিতি। পুরো সময়জুড়ে অক্ষয়ের চরিত্রকে সবাইকে বোঝাতে দেখা যায় যে তিনি কেবল একজন অভিনেতা, বাস্তব জীবনের কোনো নায়ক নন।

সিনেমাটি পরিচালনা করেছেন আহমেদ খান। প্রযোজনায় রয়েছেন ফিরোজ এ নাদিয়াদওয়ালা, রাকেশ ডাং এবং বেদান্ত বিকাশ বালি।

বহু প্রতীক্ষিত এই সিনেমাটি আগামী ২৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সূত্র: এনডিটিভি