বিজয়ের জন্মদিনে তৃষার পোস্ট, ফের আলোচনায় সম্পর্কের গুঞ্জন

তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা ও তামিলনাড়ুর রাজনীতির আলোচিত মুখ বিজয়ের জন্মদিন ঘিরে নতুন করে আলোচনায় এসেছে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের নাম। জন্মদিনের দিন কোনো শুভেচ্ছাবার্তা না দেওয়ায় দুজনের সম্পর্ক নিয়ে নানা জল্পনা শুরু হলেও, একদিন পর একটি ছবি প্রকাশ করে সব আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তৃষা।

২২ জুন ছিল বিজয়ের জন্মদিন। এ উপলক্ষে ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় সিক্ত হন তিনি। তবে তৃষার নীরবতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। কেউ কেউ দাবি করেন, তৃষা নাকি ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো করেছেন। এমনকি তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে বলেও আলোচনা শুরু হয়।

তবে সোমবার রাতে একটি ছবি প্রকাশ করে সেই গুঞ্জনে ভিন্ন মাত্রা যোগ করেন তৃষা। ছবিতে দেখা যায়, একান্তে পাশাপাশি বসে জন্মদিনের কেক কাটছেন বিজয় ও তৃষা। দুজনের মুখেই ছিল হাসি আর স্বাচ্ছন্দ্যের ছাপ।

 

ছবির ক্যাপশনে তৃষা ইঙ্গিত দেন, জন্মদিনের প্রথম মুহূর্তটি তিনি বিজয়ের সঙ্গেই কাটিয়েছেন। ‘০০.০০’ উল্লেখ করে তিনি লেখেন, ‘যে মানুষটি সবকিছুকে সার্থক করে তোলে, তাকে জন্মদিনের শুভেচ্ছা।’ সঙ্গে যুক্ত করেন হৃদয়ের প্রতীক।

ছবিটি প্রকাশের পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। মাত্র ১৫ ঘণ্টায় পোস্টটিতে ৪৪ লাখের বেশি প্রতিক্রিয়া এবং প্রায় তিন লাখ মন্তব্য জমা পড়ে। দুজনকে একসঙ্গে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন অসংখ্য ভক্ত।

এদিকে বিজয়কে ইনস্টাগ্রামে আনফলো করার যে গুঞ্জন ছড়িয়েছিল, সেটিও সত্য নয় বলে জানা গেছে। কারণ তৃষা কখনোই বিজয়কে অনুসরণ করতেন না।

উল্লেখ্য, ১৯৯৯ সালে সংগীতা স্বর্ণালিঙ্গমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিজয়। সম্প্রতি তাদের সংসার ভেঙে যাওয়ার গুঞ্জন শোনা যায়। একই সময়ে তৃষার সঙ্গে তার সম্পর্ক নিয়েও দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। বিশেষ করে তামিলনাড়ুর নির্বাচনের সময় বিজয়ের প্রতি তৃষার প্রকাশ্য সমর্থন এবং এবার জন্মদিনের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি প্রকাশের পর সেই গুঞ্জন আরও জোরালো হয়েছে।