বলিউড অভিনেতা গোবিন্দ এবং তার স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য জীবন নিয়ে বলিপাড়ায় কৌতূহলের শেষ নেই। ১৯৮৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই জুটি দীর্ঘকাল ধরে নিজেদের রসায়ন ধরে রেখেছেন। তবে সম্প্রতি এক রিয়্যালিটি শো-তে এসে স্বামী গোবিন্দের ব্যক্তিগত জীবন এবং তাদের বৈবাহিক সম্পর্ক নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন সুনীতা আহুজা।
সম্প্রতি ‘লক আপ ২’ রিয়েলিটি শোতে প্রতিযোগী হিসেবে যোগ দিয়েছেন সুনীতা আহুজা। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বেই তিনি গোবিন্দের পরকীয়া প্রসঙ্গে কথা বলেন। তার ভাষ্য, কাউকে সত্যিকারের ভালোবাসলে সম্পর্কের কঠিন সময়ও মেনে নিতে হয়।
গোবিন্দের জীবনে একাধিক পরকীয়ার ইঙ্গিত দিয়ে সুনীতা বলেন, ‘যখন আপনি কাউকে ভালোবাসেন, তখন অনেক কিছুই সহ্য করতে হয়। গোবিন্দ জীবনে কতগুলো পরকীয়া করেছে এই প্রশ্নের উত্তর আমি দিতে পারব না। অনেক কিছু সহ্য করেছি। অভিনেতা-অভিনেত্রীদের জীবনে এমন সম্পর্ক থাকেই। আমার মনে হয়, এত বছর ধরে গোবিন্দকে সমর্থন করার পর পরের জন্মে আমি তার মতো ছেলে হওয়ার যোগ্য।’
অনুষ্ঠানে গোবিন্দের পায়ে গুলি লাগার পুরোনো ঘটনাটির কথাও উল্লেখ করেন সুনীতা। তার দাবি, জীবনে অন্য কেউ চলে এলে এমন দুর্ঘটনাও ঘটতে পারে। ওই ঘটনার সময় গুঞ্জন উঠেছিল, সুনীতাই নাকি গোবিন্দকে গুলি করেছিলেন।তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে রসিকতার সুরে সুনীতা বলেন, ‘আমি কখনোই লক্ষ্যভ্রষ্ট হই না।’
দীর্ঘদিন ধরেই গোবিন্দ ও সুনীতা আহুজার দাম্পত্য জীবন নিয়ে নানা গুঞ্জন রয়েছে। সাম্প্রতিক এই মন্তব্যের পর সেই আলোচনা নতুন করে সামনে এসেছে।