শাহরুখের বিনয়ে মুগ্ধ বিবেক ওবেরয়

বলিউডের কিং শাহরুখ খানের জনপ্রিয়তা বিশ্বজুড়ে। সাফল্য, খ্যাতি আর তারকাখ্যাতির শীর্ষে অবস্থান করলেও তার বিনয়ী আচরণ ও সাধারণ জীবনযাপন বরাবরই মুগ্ধ করে সহকর্মী ও ভক্তদের। এবার তার ব্যক্তিত্ব ও নম্রতার প্রশংসায় মুখ খুলেছেন বলিউড অভিনেতা বিবেক ওবেরয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিবেক জানান, এত বড় তারকা হওয়া সত্ত্বেও শাহরুখ খানের মধ্যে অহংকারের লেশমাত্র নেই। বরং তিনি সবসময় আন্তরিকতা ও ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করেন।

শাহরুখ সম্পর্কে বিবেক বলেন, 'আমি শাহরুখ খানের বড় ভক্ত। স্কুল-কলেজ জীবন থেকেই তার সিনেমা দেখতে ভালোবাসি। শুধু অভিনয় নয়, জীবন ও বিভিন্ন বিষয়ে তার দৃষ্টিভঙ্গিও আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। পরে তাকে বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও পথপ্রদর্শক হিসেবে কাছ থেকে জানার সুযোগ হয়েছে।'

শাহরুখের বিনয়ের একটি ঘটনার কথা তুলে ধরে তিনি আরও বলেন, 'তিনি আমাকে সবসময় ভালোবাসা দিয়েছেন। আমি অন্যদের কাছ থেকে অনুপ্রেরণা নিতে ভালোবাসি, আর শাহরুখ সত্যিই অসাধারণ একজন মানুষ। এত বড় তারকা হয়েও এক অনুষ্ঠানে তিনি ছোটদের সঙ্গে মাটিতে বসে সময় কাটিয়েছিলেন। বাবা-মা, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের সঙ্গে গল্প করেছেন। তার এই আচরণ সত্যিই মন ছুঁয়ে গেছে।'

জানা যায়, ওই অনুষ্ঠানে শাহরুখ তার ছোট ছেলে আব্রামের সঙ্গে সাধারণ শিশুদের মতো মাটিতে বসে ছিলেন। তাদের সঙ্গে ছিলেন আরও অনেক শিক্ষার্থী। একজন বিশ্বখ্যাত তারকা হয়েও সবার সঙ্গে সহজভাবে মিশে যাওয়ার এই গুণই শাহরুখ খানকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে বলে মনে করেন বিবেক ওবেরয়।