টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, ভিডিওবার্তায় হুমকি

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় এ হামলার সময় গাড়িতে ছিলেন অভিনেতা। তবে তিনি অক্ষত রয়েছেন। গুলিতে আহত হয়েছেন তাঁর গাড়িচালক।

হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওবার্তায় এক ব্যক্তি এ ঘটনার দায় স্বীকার করেছেন। নিজেকে অনিল পণ্ডিত পরিচয় দিয়ে ওই ব্যক্তি দাবি করেন, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে।

ভিডিওবার্তায় টাইগার শ্রফকে হুমকি দিয়ে বলা হয়, তাদের নির্দেশ না মানা এবং সালমান খানের সঙ্গে কাজ করার কারণেই অভিনেতাকে নিশানা করা হয়েছে। তবে ভিডিওবার্তায় করা দাবিগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

ভিডিওতে অনিল পণ্ডিত নামের ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, টাইগার শ্রফকে আগেই সতর্ক করা হয়েছিল। কিন্তু অভিনেতা সেই সতর্কতা আমলে নেননি।

ভিডিওবার্তায় আরও দাবি করা হয়, বলিউডের যাঁরা তাদের সঙ্গে সমন্বয় না করে কাজ করবেন কিংবা সালমান খানের সঙ্গে কাজ করবেন, তাঁদের হত্যা করা হবে।

সালমান খানকে লরেন্স বিষ্ণোইয়ের কাছে ক্ষমা চাওয়ার আহ্বানও জানানো হয়। তা না হলে তাঁর পরিবারের সদস্যদেরও ছাড় দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়।

ভিডিওতে হারমান সান্ধু নামের আরেক ব্যক্তির কথাও উল্লেখ করা হয়েছে। তবে হামলায় তাঁদের ভূমিকা সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র: এনডিটিভি