বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনার পর মুম্বাইয়ে তাঁর বাসভবনের বাইরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। এ ঘটনার পর আবারও আলোচনায় এসেছে বলিউড তারকাদের নিরাপত্তাব্যবস্থা।
হুমকি কিংবা নিরাপত্তাঝুঁকি বিবেচনায় ভারতের কেন্দ্রীয় ও রাজ্য সরকারের পক্ষ থেকে বেশ কয়েকজন অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতাকে বিশেষ নিরাপত্তা দেওয়া হয়েছে। কেউ পেয়েছেন ওয়াই প্লাস (Y+) বা ওয়াই (Y) শ্রেণির নিরাপত্তা, আবার কারও ক্ষেত্রে রয়েছে এক্স (X) শ্রেণির নিরাপত্তা কিংবা স্থানীয় পুলিশের পাহারা।
সালমান খান, শাহরুখ খান, কঙ্গনা রানাউত থেকে অমিতাভ বচ্চন—বলিউডের ১০ তারকার নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে জেনে নেওয়া যাক।
১. সালমান খান
নিরাপত্তার ধরন: ওয়াই প্লাস (Y+)
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে হুমকি পাওয়ার পর ২০২২ সালের নভেম্বরে সালমান খানের নিরাপত্তা বাড়িয়ে ওয়াই প্লাস শ্রেণিতে উন্নীত করে মহারাষ্ট্র সরকার। তাঁর নিরাপত্তায় মুম্বাই পুলিশের প্রায় ১১ থেকে ১২ জন সদস্য নিয়োজিত রয়েছেন। তাঁদের মধ্যে চারজন সশস্ত্র কমান্ডো রয়েছেন, যাঁরা সব সময় তাঁর সঙ্গে থাকেন। এ ছাড়া উন্নত অস্ত্র পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত একজন পুলিশ সদস্যও তাঁর নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। ২০২৪ সালের অক্টোবরে বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডের পর সালমানের নিরাপত্তা আরও জোরদার করা হয়।
২. শাহরুখ খান
নিরাপত্তার ধরন: ওয়াই প্লাস (Y+)
২০২৩ সালের অক্টোবরে শাহরুখ খানের নিরাপত্তা ওয়াই প্লাস শ্রেণিতে উন্নীত করা হয়। তাঁর অভিনীত ব্লকবাস্টার সিনেমা পাঠান-এর ‘বেশরম রং’ গানকে কেন্দ্র করে মৃত্যুর হুমকি পাওয়ার পর তিনি মহারাষ্ট্র সরকারের কাছে নিরাপত্তা চেয়েছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়। নিজের নিরাপত্তার ব্যয়ও তিনি বহন করেন বলে জানা গেছে।
৩. কঙ্গনা রানাউত
নিরাপত্তার ধরন: ওয়াই প্লাস (Y+)
২০২০ সালের সেপ্টেম্বরে কঙ্গনা রানাউতের নিরাপত্তা ওয়াই প্লাস শ্রেণিতে উন্নীত করে কেন্দ্রীয় সরকার। মুম্বাইকে পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের (পিওকে) সঙ্গে তুলনা করে মন্তব্য করার পর মহারাষ্ট্র সরকার ও শিবসেনার নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। এর পর শিবসেনা নেতা সঞ্জয় রাউত হিমাচল প্রদেশ থেকে মুম্বাইয়ে ফেরার বিষয়ে তাঁকে সতর্ক করেছিলেন। ওই ঘটনার পর তাঁর নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
৪. অমিতাভ বচ্চন
নিরাপত্তার ধরন: এক্স (X)
বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন এক্স শ্রেণির নিরাপত্তা পান। এ ব্যবস্থায় পালাক্রমে দায়িত্ব পালনকারী দুজন নিরাপত্তাকর্মী রয়েছেন। তাঁদের মধ্যে একজন ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা (পিএসও)।
৫. অক্ষয় কুমার
নিরাপত্তার ধরন: এক্স (X)
অভিনেতা অক্ষয় কুমারও এক্স শ্রেণির নিরাপত্তা পান। মিড-ডে পত্রিকার এক প্রতিবেদন অনুযায়ী, তাঁর নিরাপত্তার ব্যয় বহন করেন তিনি নিজেই।
৬. অনুপম খের
নিরাপত্তার ধরন: এক্স (X)
দ্য কাশ্মীর ফাইলস সিনেমা মুক্তির পর হুমকি পাওয়ার ঘটনায় নিরাপত্তাঝুঁকি পর্যালোচনা করে অনুপম খেরকে এক্স শ্রেণির নিরাপত্তা দেওয়া হয়।
৭. আমির খান
নিরাপত্তার ধরন: স্থানীয় পুলিশের পাহারা বা ব্যক্তিগত নিরাপত্তা
আমির খানের ক্ষেত্রে নির্দিষ্ট নিরাপত্তাঝুঁকি বিবেচনা করে স্থানীয় পুলিশের সহায়তা কিংবা ব্যক্তিগত নিরাপত্তার ব্যবস্থা করা হয়। ২০২৬ সালের জুলাইয়ে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করা কিছু অযাচাইকৃত হুমকির ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিও ক্লিপের পর মুম্বাইয়ের বান্দ্রা পশ্চিমের পালি হিলে তাঁর বাসভবনের বাইরে সাময়িকভাবে নিরাপত্তা বাড়িয়েছিল স্থানীয় পুলিশ।
৮. বিবেক অগ্নিহোত্রী
নিরাপত্তার ধরন: ওয়াই (Y)
চলচ্চিত্র নির্মাতা বিবেক অগ্নিহোত্রীকে ২০২২ সালের মার্চে ওয়াই শ্রেণির নিরাপত্তা দেয় কেন্দ্রীয় সরকার। দ্য কাশ্মীর ফাইলস মুক্তির পর তাঁকে ঘিরে নিরাপত্তাঝুঁকি বেড়েছে বলে মূল্যায়ন করা হয়েছিল।
৯. টাইগার শ্রফ
নিরাপত্তার ধরন: পুলিশের বাড়তি উপস্থিতি
মুম্বাইয়ের জুহু এলাকায় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনার পর তাঁর বাসভবনের বাইরে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়। সেখানে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
১০. রোহিত শেঠি
নিরাপত্তার ধরন: পুলিশের বাড়তি উপস্থিতি
চলচ্চিত্র নির্মাতা রোহিত শেঠির জুহুর বাসভবনের কাছে গুলির ঘটনার পর ওই এলাকায় টহল ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করে স্থানীয় পুলিশ ও অপরাধ দমন শাখার সদস্যরা।
এ ছাড়া মুম্বাই পুলিশের সাধারণ নিরাপত্তাব্যবস্থার আওতায় রয়েছেন আরও অনেক অভিনেতা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একটি রাজ্য কমিটি নিয়মিত চলচ্চিত্র ব্যক্তিত্বদের নিরাপত্তাঝুঁকি পর্যালোচনা করে। পরিস্থিতি ও ঝুঁকির মাত্রা বিবেচনায় নিরাপত্তা বাড়ানো, কমানো কিংবা পুলিশি পাহারা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্র: এনডিটিভি