বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে গুলির ঘটনার পর প্রথমবারের মতো জনসমক্ষে হাজির হয়েছেন সালমান খান।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) মুম্বাইয়ে আইফা (IIFA) আয়োজিত এক সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি। এ সময় তাঁর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।
গত ১৮ অক্টোবর মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। এর পর থেকেই বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। এর মধ্যেই আইফার সংবাদ সম্মেলনে হাজির হয়ে স্বভাবসুলভ রসিকতায় মাতান সালমান।
অনুষ্ঠানে সালমানের পাশাপাশি উপস্থিত ছিলেন কারিনা কাপুর খান, শহিদ কাপুর, বরুণ ধাওয়ান, রাশমিকা মান্দানা, আলি ফজল, পঙ্কজ ত্রিপাঠি ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সংবাদ সম্মেলনে আইফা নিয়ে একটি সিনেমা তৈরি হলে তার নাম কী রাখা যেতে পারে—উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে সালমান নিউইয়র্কে আয়োজকদের আগের একটি চলচ্চিত্র নির্মাণের উদ্যোগের কথা তুলে ধরেন।
সালমান বলেন, নিউইয়র্কে আইফা একটি সিনেমা তৈরির চেষ্টা করেছিল। কিন্তু সেটি পুরোপুরি ব্যর্থ হয়। এরপর আর তারা এমন চেষ্টা করেনি।
এরপর সিনেমাটিতে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে মজার ছলে তিনি বলেন, তাঁদের সবাইকে ওই প্রকল্পের অংশ করা হয়েছিল। ঘর থেকে অন্য একটি ঘরে নিয়ে গিয়ে জোর করে শুটিং করানো হয়েছিল। এমনকি বন্দুকের ভয় দেখিয়ে শুটিং করানো হয়েছিল বলেও রসিকতা করেন তিনি। তাঁরা বারবার বলেছিলেন, এভাবে কাজ হবে না; কিন্তু আয়োজকেরা তাঁদের কথা শোনেননি।
বরুণ ধাওয়ানকে সালমানের পরামর্শ, ‘সঞ্চালনা কোরো না’
২০২৭ সালে আবুধাবিতে অনুষ্ঠিতব্য আইফার উপস্থাপনার দায়িত্ব পালন করবেন বরুণ ধাওয়ান। তাঁকে কোনো পরামর্শ দিতে চান কি না, উপস্থাপকের এমন প্রশ্নে সালমানের সংক্ষিপ্ত উত্তর ছিল, সঞ্চালনা কোরো না।
এর ব্যাখ্যায় সালমান বলেন, এ ধরনের অনুষ্ঠান সঞ্চালনা করতে প্রায় ছয় ঘণ্টা সময় লেগে যেতে পারে। এরপর তিনি একটি গানের হুক স্টেপ করে দেখান এবং রসিকতার ছলে বলেন, বরুণের উচিত শুধু নাচের ওই ধাপটি করে চলে যাওয়া। যাঁদের সঞ্চালনার দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁদেরই সেই কাজ করতে দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
গুলির ঘটনার পর সালমানের নিরাপত্তা জোরদার
টাইগার শ্রফের গাড়িতে গুলির ঘটনার পর সালমান খানের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। তাঁর বাসভবনের বাইরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার পাশাপাশি বুলেটপ্রুফ জানালার সুরক্ষাব্যবস্থাও উন্নত করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গুলির ঘটনার তদন্তে এমন ইঙ্গিত পাওয়া গেছে যে হামলাকারীদের মূল লক্ষ্য সালমান খানও হয়ে থাকতে পারেন।
সূত্রগুলোর দাবি, হামলাকারীরা সালমানের বাসভবনের আশপাশে আগে থেকে নজরদারি চালিয়েছিল। তবে সেখানে কঠোর নিরাপত্তাব্যবস্থা দেখে তারা পরিকল্পনা থেকে সরে আসে বলে ধারণা করা হচ্ছে। পরে তারা টাইগার শ্রফকে লক্ষ্যবস্তু করে থাকতে পারে। গত রোববার সন্ধ্যায় তাঁর গাড়িতে গুলি চালানো হয়।
তবে হামলার উদ্দেশ্য এবং এর সঙ্গে কারা জড়িত, তা এখনো তদন্তাধীন। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে।
সূত্র: এনডিটিভি