ভারতে নেটফ্লিক্সে মুক্তির অপেক্ষায় থাকা পাকিস্তানের একটি নতুন ওয়েব সিরিজ নিষিদ্ধের দাবি জানিয়েছে দেশটির চলচ্চিত্রকর্মীদের সংগঠন অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ)। এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে সিরিজটির ভারতীয় প্ল্যাটফর্মে সম্প্রচার বন্ধের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে ভারতে পাকিস্তানি সিনেমা, নাটক ও বিনোদনমূলক কনটেন্ট নিষিদ্ধ করতে স্থায়ী আইন প্রণয়নের দাবিও তুলেছে তারা।
বুধবার (২৫ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সংগঠনটির আপত্তির কেন্দ্রে রয়েছে পাকিস্তানের আসন্ন ওয়েব সিরিজ ‘জো বাচায় হ্যায় সাং সামেত লো’। আগামী ৪ ডিসেম্বর নেটফ্লিক্সে সিরিজটির প্রথম পর্ব মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে অভিনয় করেছেন পাকিস্তানের জনপ্রিয় তারকা ফাওয়াদ খান, মাহিরা খান, সানাম সাঈদ ও হানিয়া আমিরসহ অনেকে।
গত ২৪ নভেম্বর পাঠানো চিঠিতে এআইসিডব্লিউএর সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত প্রধানমন্ত্রী মোদির কাছে সিরিজটি ভারতে মুক্তি ও সম্প্রচার বন্ধের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। পাশাপাশি নেটফ্লিক্সসহ সব ওটিটি প্ল্যাটফর্মকে ভারতে পাকিস্তানি কনটেন্ট প্রচার থেকে বিরত রাখার আহ্বান জানান তিনি।
সংগঠনটির দাবি, পাকিস্তানি শিল্পীদের অংশগ্রহণে নির্মিত কোনো চলচ্চিত্র, ওয়েব সিরিজ, গান কিংবা পডকাস্ট ভারতের বিনোদনমাধ্যমে জায়গা পাওয়া উচিত নয়। এ জন্য কঠোর শাস্তির বিধানসহ স্থায়ী আইন প্রণয়নেরও দাবি জানিয়েছে তারা।
এআইসিডব্লিউএ তাদের চিঠিতে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ২০২৫ সালের ৮ মে জারি করা একটি নির্দেশনার কথা উল্লেখ করেছে। পহেলগাম হামলার পর জারি করা ওই নির্দেশনায় ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম, স্ট্রিমিং সেবা ও ডিজিটাল মাধ্যমগুলোকে পাকিস্তানে উৎপাদিত ওয়েব সিরিজ, চলচ্চিত্র, গান, পডকাস্টসহ বিভিন্ন ধরনের কনটেন্ট সম্প্রচার বন্ধের পরামর্শ দেওয়া হয়েছিল।
সংগঠনটির বক্তব্য, নতুন সিরিজটি ভারতে প্রচারিত হলে সরকারের ওই নির্দেশনার সঙ্গে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হতে পারে। চিঠিতে সিরিজটির কয়েকজন অভিনেতার অতীতে ভারতবিরোধী মন্তব্যের অভিযোগও তোলা হয়েছে।
এদিকে সিরিজটির ভারতীয় দর্শকদের জন্য সম্প্রচার নিশ্চিত কি না, সে বিষয়ে নেটফ্লিক্স এখনো স্পষ্ট কোনো ঘোষণা দেয়নি। রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে নেটফ্লিক্স ও ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরের কাছে মন্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিক কোনো জবাব পাওয়া যায়নি।
‘জো বাচায় হ্যায় সাং সামেত লো’ পাকিস্তানি লেখক ফারহাত ইশতিয়াকের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত। ছয়টি যুগলকে ঘিরে প্রেম ও সম্পর্কের নানা জটিলতা নিয়ে তৈরি হয়েছে সিরিজটির গল্প। নেটফ্লিক্সের জন্য নির্মিত এটিই প্রথম উর্দু ভাষার অরিজিনাল সিরিজ। এর প্রযোজনায় রয়েছে মোমিনা দুরাইদ ফিল্মস।
ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েনের মধ্যে বিনোদনশিল্পে এমন বিতর্ক অবশ্য নতুন নয়। ২০১৬ সালে উরি হামলার পর পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজ করার বিরোধিতা শুরু হয়। পরবর্তী সময়ে ২০২৫ সালের পহেলগাম হামলার পর দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা বাড়লে পাকিস্তানি শিল্পী ও বিনোদনমূলক কনটেন্টের ওপর আরও বিধিনিষেধ আরোপ করা হয়।
বিশ্লেষকদের মতে, রাজনৈতিক ও কূটনৈতিক বিরোধের প্রভাব দুই দেশের সাংস্কৃতিক বিনিময়েও পড়ছে। নতুন এই বিতর্কের ফলে ভারতীয় দর্শকদের কাছে পাকিস্তানি বিনোদনমূলক কনটেন্টের ভবিষ্যৎ এবং আন্তর্জাতিক স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর নীতিমালা নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে।
সূত্র: রয়টার্স