দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে জুটি বাঁধা নিয়ে কটাক্ষের মুখে পড়েছেন বলিউড ভাইজান সালমান খান।
শুধু দক্ষিণী নয়, বলিউডেও অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন ২৮ বছর বয়সি এই অভিনেত্রী। এবার ৩১ বছরের বড় সালমান খানের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হতে চলেছেন তিনি। পরিচালক এ আর মুরুগাদসের ‘সিকান্দার’ সিনেমায় দেখা যাবে তাদের। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মেগাস্টার সালমান খান। আর তার বিপরীতে রয়েছেন রাশমিকা মান্দানা। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে নেটদুনিয়ায় চর্চা চলছে। অবশেষে এই বিষয়ে মুখে খুললেন সালমান।
সম্প্রতি 'সিকান্দার'-এর ঝলক মুক্তির অনুষ্ঠানেও বয়সের পার্থক্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন সালমান। যেখানে ভাইজানের জবাব শুনে হাসির রোল পড়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
মঞ্চে তখন 'সিকান্দার'-এর পরিচালক, প্রযোজক থেকে শুরু করে ছবির কলাকুশলীরা দাঁড়িয়ে। তাদের মধ্যমণি হয়ে দাঁড়িয়ে আছেন সালমান। পাশে দাঁড়িয়ে ছিলেন রাশমিকা। প্রশ্নোত্তর পর্ব শুরু হতেই এক সাংবাদিক সালমানকে তার ও রাশমিকার বয়সের পার্থক্য নিয়ে প্রশ্ন করে বসেন। জবাবে মজার সুরে সালমান বলেন, ‘যখন আমার সঙ্গে এই বয়সের পার্থক্য নিয়ে নায়িকার নিজের কোনও সমস্যা হচ্ছে না, তখন আপনার কেন এত সমস্যা হচ্ছে বলুন তো?’
এরপর অভিনেতা যোগ করেন, ‘আর একটা কথা...যখন রাশমিকা বিয়ে করবে, তার সন্তান হবে...সেই মেয়ের বিপরীতেও আমি পর্দায় অভিনয় করব। আমি নিশ্চিত মেয়ের মা-এর অনুমতি পেয়ে যাব।’ সালমানের কথা শেষ হতেই সবাই হাসিতে ফেঁটে পড়েন।