পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স গ্রেপ্তার

মদ্যপ অবস্থায় ও বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার হয়েছেন বিশ্বখ্যাত পপ সম্রাজ্ঞী ব্রিটনি স্পিয়ার্স। বুধবার (৪ মার্চ) রাতে ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল (সিএইচপি) তাকে আটক করে। বৃহস্পতিবার ভোর ৩টার দিকে আইনি প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।

সিএইচপি-র পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার রাত ৮টা ৪৮ মিনিটের দিকে একটি কালো রঙের বিএমডব্লিউ গাড়ি অত্যন্ত দ্রুতগতিতে এবং অসংলগ্নভাবে ‘ইউএস-১০১’ হাইওয়ে দিয়ে দক্ষিণ দিকে যাচ্ছিল। পুলিশ ভেনচুরা কাউন্টির ওয়েস্টলেক বুলেভার্ড এক্সিটের কাছে গাড়িটি থামায়। গাড়িতে ব্রিটনি একাই ছিলেন। দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের মতে, সে সময় তার আচরণ স্বাভাবিক ছিল না এবং তিনি মদ্যপ ছিলেন বলে ধারণা করা হয়। স্পটেই তার ‘সোব্রেটি টেস্ট’ (নেশা যাচাইয়ের পরীক্ষা) করা হয় এবং এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। ব্রিটনির গাড়িটি পুলিশ জব্দ করে নিয়ে গেছে।

ব্রিটনির একজন প্রতিনিধি সিএনএন-কে পাঠানো এক ইমেইলে জানিয়েছেন, ‘এটি একটি দুর্ভাগ্যজনক এবং অমার্জনীয় ঘটনা। ব্রিটনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং তিনি সঠিক পদক্ষেপ গ্রহণ করবেন। আশা করছি, এই কঠিন সময়ে তিনি সবার সহযোগিতা ও সমর্থন পাবেন।’

প্রতিনিধি আরও জানান, ব্রিটনি এখন তার সন্তানদের সঙ্গে সময় কাটাবেন এবং তার সুস্থতার জন্য প্রিয়জনরা একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করছেন।

ব্রিটনি স্পিয়ার্সের জন্য আইনি জটিলতা নতুন কিছু নয়। ২০০৭ সালে তার বিরুদ্ধে ‘হিট-অ্যান্ড-রান’ বা গাড়ি দিয়ে আঘাত করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল। ২০০৮ সালে তাকে মানসিক পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি করা হয় এবং এরপর দীর্ঘ ১৩ বছর তিনি তার বাবা জেমি স্পিয়ার্সের আইনি অভিভাবকত্বে (কনজারভেটরশিপ) ছিলেন। ২০২১ সালে ভক্তদের ‘ফ্রি ব্রিটনি’ আন্দোলনের মুখে সেই আইনি বন্দিদশা থেকে মুক্তি পান তিনি।

আগামী ৪ মে এই ঘটনার শুনানির জন্য ব্রিটনি স্পিয়ার্সকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।