নতুন প্রজন্মের প্লেলিস্টে ফিরছে ডায়ার স্ট্রেইটস

একসময় যাদের গান শুনে বড় হয়েছেন বাবা-মায়েরা, সেই ব্রিটিশ রক ব্যান্ড ডায়ার স্ট্রেইটস এখন নতুন করে জায়গা করে নিচ্ছে তাদের ছেলেমেয়েদের অর্থাৎ 'জেনজি'দের প্লেলিস্টে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, চার দশকেরও বেশি পুরোনো এই ব্যান্ড এখন তরুণ শ্রোতাদের কাছেও ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে।

সত্তর ও আশির দশকের শেষভাগে বিশ্বজুড়ে আলোড়ন তোলা ডায়ার স্ট্রেইটসের গান নতুন প্রজন্ম আবিষ্কার করছে মূলত স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে। বিশেষ করে ‘সুলতানস অব সুইং’, ‘ব্রাদার্স ইন আর্মস’, ‘ওয়াক অব লাইফ’ কিংবা ‘মানি ফর নাথিং’-এর মতো গানগুলো নতুন করে ছড়িয়ে পড়ছে ছোট ভিডিও, রিলস ও বিভিন্ন অনলাইন কনটেন্টে।

সংগীত বিশ্লেষকদের মতে, অ্যালগরিদমনির্ভর আধুনিক পপ সংস্কৃতির ভিড়ে অনেক তরুণ এখন ভিন্নধর্মী, স্বতন্ত্র ও বাদ্যযন্ত্রনির্ভর সংগীতের দিকে ঝুঁকছেন। ডায়ার স্ট্রেইটসের গিটারভিত্তিক সুর, গল্প বলার ধাঁচের গান এবং সহজ অথচ গভীর সংগীতায়োজন তাদের কাছে নতুন অভিজ্ঞতা হয়ে উঠেছে।

বিশ্বসংগীতের ইতিহাসে ডায়ার স্ট্রেইটস অন্যতম সফল ব্যান্ড। ১৯৭৭ সালে লন্ডনে গঠিত ব্যান্ডটির নেতৃত্বে ছিলেন মার্ক নফলার। বিশ্বজুড়ে তাদের অ্যালবাম বিক্রি হয়েছে ১০ কোটিরও বেশি কপি এবং ‘ব্রাদার্স ইন আর্মস’ সংগীত ইতিহাসের অন্যতম সফল অ্যালবাম হিসেবে বিবেচিত হয়।

সংগীত পর্যবেক্ষকদের মতে, ডিজিটাল যুগে তরুণদের কাছে পুরোনো ব্যান্ডগুলোর পুনরাবিষ্কার এখন আর অস্বাভাবিক নয়। তবে ডায়ার স্ট্রেইটসের ক্ষেত্রে বিষয়টি আরও বিশেষ, কারণ তাদের সংগীত সময়ের পরীক্ষায় টিকে থেকে নতুন প্রজন্মের কাছেও সমানভাবে গ্রহণযোগ্য হয়ে উঠছে। সূত্র: দ্য টেলিগ্রাফ