হৃদযন্ত্রের চিকিৎসা নেওয়ার পর মঞ্চ ও সফর থেকে সাময়িক বিরতি নিয়েছেন কিংবদন্তি মার্কিন সংগীতশিল্পী লিওনেল রিচি। তার প্রতিনিধি জানিয়েছেন, চিকিৎসা ভালোভাবেই সম্পন্ন হয়েছে এবং রিচি বর্তমানে ভালো আছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক বিবৃতিতে রিচির প্রতিনিধি জানান, হৃদযন্ত্রের অনিয়মিত স্পন্দনের সমস্যা অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের চিকিৎসায় একটি প্রচলিত প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন ৭৭ বছর বয়সী এই শিল্পী। চিকিৎসক জানিয়েছেন, প্রক্রিয়াটি পুরোপুরি সফল হয়েছে।
রিচির প্রতিনিধি বলেন, লিওনেল ভালো আছেন। তবে কিছু সময় বিশ্রামে থাকবেন এবং শিগগিরই আবার মঞ্চে ফিরবেন।
চলতি বছরের জুনেও অসুস্থ হয়ে দুটি কনসার্ট স্থগিত করেছিলেন রিচি। পরে আগস্টে সেন্ট লুইসে একটি পরিবেশনার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এমন খবরও অনলাইনে ছড়িয়ে পড়ে।
রিচির আগামী কয়েকটি পরিবেশনা নির্ধারিত ছিল আর্থ, উইন্ড অ্যান্ড ফায়ারের সঙ্গে। শনিবার সান ফ্রান্সিসকো, ৩০ সেপ্টেম্বর শিকাগো এবং ৩ অক্টোবর ওহাইওর কলম্বাসে তাদের পরিবেশনা করার কথা ছিল।
এদিকে রিচির ওয়েবসাইট অনুযায়ী, অক্টোবরে লাস ভেগাসের উইন হোটেলে তার ‘কিং অব হার্টস’ আবাসিক পরিবেশনা শুরু হওয়ার কথা রয়েছে। অক্টোবর ও নভেম্বরজুড়ে সেখানে তার একাধিক অনুষ্ঠান নির্ধারিত রয়েছে।
দ্য কমোডোরস ব্যান্ডের মাধ্যমে সংগীতজীবন শুরু করেন রিচি। পরে একক শিল্পী হিসেবে ব্যাপক সাফল্য পান তিনি। ‘হ্যালো’র মতো জনপ্রিয় গানের পাশাপাশি মাইকেল জ্যাকসনের সঙ্গে ‘উই আর দ্য ওয়ার্ল্ড’ গানটির সহলেখকও ছিলেন তিনি। তার রেকর্ড বিক্রি হয়েছে ১০ কোটির বেশি। বর্তমানে ‘আমেরিকান আইডল’ অনুষ্ঠানের বিচারক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। সূত্র: সিএনএন