ব্রেন টিউমারে আক্রান্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি

ছোটপর্দার জনপ্রিয় ও ব্যস্ততম অভিনেত্রী তানিয়া বৃষ্টির মাথায় ব্রেন টিউমার ধরা পড়েছে। বর্তমানে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার অস্ত্রোপচার চলছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় তার এই জটিল অস্ত্রোপচার শুরু হয়।

অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তানিয়া বৃষ্টির ব্রেন টিউমার ধরা পড়েছে। আজ তার অপারেশন করা হচ্ছে। আমরা সবাই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করছি।’

নির্মাতা সকাল আহমেদ জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কোনো ঝুঁকি না নিয়ে দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার রাত ৮টা পর্যন্ত এই অস্ত্রোপচার চলার কথা রয়েছে।

এর আগে গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবসের সন্ধ্যায় তানিয়া বৃষ্টি নিজেই তার অসুস্থতার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন। হাসপাতালের বিছানায় শুয়ে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, পরিবারের পক্ষ থেকে ভালোবাসা দিবসের ফুল পেয়েছেন তিনি। তবে সেই পোস্টে অসুস্থতার ধরন সম্পর্কে বিস্তারিত না বললেও আজ মাথায় অস্ত্রোপচারের কথা উল্লেখ করেছিলেন এবং ভক্তদের কাছে দোয়া চেয়েছিলেন।

অভিনেত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে, সুস্থ হওয়ার আগ পর্যন্ত তাকে যেন শুটিং সংক্রান্ত কোনো বিষয় বা অন্য কোনো কারণে ফোন বা বার্তা দিয়ে বিরক্ত করা না হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অস্ত্রোপচারের পর তাকে দীর্ঘ সময় পূর্ণ বিশ্রামে থাকতে হবে।

সহকর্মী ও ভক্ত-অনুরাগীরা তানিয়া বৃষ্টির দ্রুত আরোগ্য কামনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছেন। সফল অস্ত্রোপচার শেষে তিনি সুস্থ হয়ে পুনরায় কাজে ফিরবেন-এমনটাই প্রত্যাশা সবার।