পিলখানা ট্র্যাজেডি নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা

বিডিআর সদর দপ্তর ঢাকার পিলখানায় হত্যাকাণ্ডের ওপর সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন খিজির হায়াত খান। রোববার (২২ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে এক পোস্টে বিষয়টি নির্মাতা নিজেই নিশ্চিত করেছেন। 

২০০৯ সালে তৎকালীন পিলখানা হত্যাকাণ্ড নিয়ে স্ক্রিপ্ট লেখা শেষ উল্লেখ করে পোস্টে তিনি লিখেছেন, ‘দেশের নব নির্বাচিত প্রধানমন্ত্রী যখন পিলখানা নিয়ে পুনঃতদন্তের নির্দেশ দিলেন। আমার তখন পিলখানা নিয়ে স্ক্রিপ্ট লেখা শেষ হলো। আশা করি সিনেমাটি যখন নির্মাণ শেষ করতে পারব তখন দেশের মানুষকে দেখাতে কোনো বাঁধার সম্মুখীন হতে হবে না। আমরা আমাদের আপনজনদের হত্যার সঠিক ও সুষ্ঠু বিচারটা শুধু দেখতে চাই আর তাঁদের ওপর হওয়া অত্যাচারগুলো শিল্পের মাধ্যমে দেখাতে চাই। ধন্যবাদ।’

পিলখানা হত্যার আগের রাতে রশি-চাকু নিয়ে জিম্মির 'গোপন পরিকল্পনা'

তবে ছবিটির বিস্তারিত কিছু জানাননি তিনি। কারা এতে অভিনয় করবেন সেসব জানতে তাই অপেক্ষা করতেই হচ্ছে।

এর আগে ‘জাগো’, ‘মিস্টার বাংলাদেশ’ ও ‘ওরা ৭ জন’র মতো দেশাত্মবোধ সিনেমা নির্মাণ করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন এই চলচ্চিত্র পরিচালক। 

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআরদের একটি গ্রুপ দ্বারা সংগঠিত বিদ্রোহ এবং হত্যাকাণ্ডই পিলখানা হত্যাকাণ্ড বলে পরিচিত। ঢাকার পিলখানায় রহস্যময় এক বিদ্রোহের নামে বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা বর্বরোচিত ও নির্মম হত্যার শিকার হন। সেসময় সব মিলিয়ে ওই ঘটনায় ৭৪ জনের মরদেহ উদ্ধার করা হয়।