বেভারলি হিলসে পপ সুপারস্টার রিহানার বাড়িতে গোলাগুলি

বিশ্বখ্যাত পপ সম্রাজ্ঞী রিহানার যুক্তরাষ্ট্রের বেভারলি হিলসের বাড়িতে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ (এলএপিডি) জানিয়েছে, রোববার (৮ মার্চ) স্থানীয় সময় দুপুর ১টা ১৫ মিনিটে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং একজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

লস অ্যাঞ্জেলেস টাইমসের এক প্রতিবেদনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, গোলাগুলির সময় ৩৭ বছর বয়সী এই গায়িকা তার বিলাসবহুল ম্যানশনের ভেতরেই অবস্থান করছিলেন। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার উদ্দেশ্য কী ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

বার্বাডোসে জন্মগ্রহণকারী পপ আইকন রিহানা বর্তমানে তিন সন্তানের জননী। গত বছরের সেপ্টেম্বরে তিনি তার তৃতীয় সন্তান (কন্যা) জন্ম দেন। তার সঙ্গী মার্কিন র‍্যাপার এএসএপি রকি। রিহানার দুই ছেলে দাঙ্গার এবং আরজেডএ।

উল্লেখ্য, ২০২৫ সালের শুরুতেও এই দম্পতি খবরের শিরোনাম হয়েছিলেন। গত ফেব্রুয়ারিতে একটি গোলাগুলির মামলায় এএসএপি রকি নির্দোষ প্রমাণিত হন। সেই বিচার চলাকালীন রিহানাকে তার দুই শিশুসহ আদালতে উপস্থিত হতে দেখা গিয়েছিল।

রবিন ফেন্টি, যার নাম বিশ্বজুড়ে ‘রিহানা’ হিসেবে সমাদৃত, ২০০৫ সালে ‘পন ডি রিপ্লে’ ও ‘আম্ব্রেলা’র মতো হিট গানের মাধ্যমে আলোচনায় আসেন। গায়িকা হিসেবে বিশ্বজয়ের পাশাপাশি তিনি একজন সফল উদ্যোক্তাও। তার প্রসাধনী ব্র্যান্ড ‘ফেন্টি বিউটি’ এবং লনজারি কোম্পানি তাকে বর্তমানে বিশ্বের অন্যতম ধনী নারীতে পরিণত করেছে। ফোর্বসের তথ্যমতে, রিহানা বর্তমানে একজন বিলিয়নেয়ার। তার প্রথম অ্যালবাম প্রকাশের ২০ বছর পূর্তির আনন্দ উদযাপনের মাঝেই এই অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটল।