কারিনা কায়সারকে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হচ্ছে

দীর্ঘ লড়াইয়ের পর জীবন-মৃত্যুর এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। লিভার ফেইলিউর ও শারীরিক নানা জটিলতা নিয়ে গত শুক্রবার (৮ মে) রাত থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের লাইফ সাপোর্টে আছেন তিনি। আজ সোমবার (১১ মে) বিকেলেই উন্নত চিকিৎসার জন্য তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হচ্ছে।

খবরটি নিশ্চিত করেছেন কারিনা কায়সারের বাবা ও সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ।

কায়সার হামিদ জানান, ‘আল্লাহর অশেষ রহমতে ভিসা হাতে পেয়েছি। চেন্নাই থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসছে তাকে নিয়ে যাওয়ার জন্য। কারিনার শারীরিক অবস্থার খুব একটা উন্নতি হয়নি, তবে রক্তচাপ বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এখন প্রধান লক্ষ্য হলো তাকে নিরাপদে চেন্নাইয়ে পৌঁছে দেওয়া এবং দ্রুত চিকিৎসা শুরু করা।’

মেয়ের জীবন বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন কায়সার হামিদ। তিনি জানান, এয়ার অ্যাম্বুলেন্স ও চিকিৎসার বিশাল ব্যয় বহন করা পরিবারের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এরই মধ্যে চিকিৎসার খরচ মেটাতে পরিবারের ফিক্সড ডিপোজিট (FD) ভাঙা হয়েছে এবং জমি বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি কান্নজড়িত কণ্ঠে দেশবাসীর কাছে মেয়ের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

চিকিৎসকদের মতে, কারিনা মূলত ‘লিভার ফেইলিউর’-এর কারণে লাইফ সাপোর্টে আছেন। তার শরীরে সংক্রমণ (Sepsis) ছড়িয়ে পড়েছে। আগে থেকেই ফ্যাটি লিভারের সমস্যা থাকলেও সম্প্রতি তার ‘হেপাটাইটিস এ’ ধরা পড়ে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। সাধারণ অসুস্থতা থেকে দ্রুত শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত শুক্রবার তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

হাস্যরসাত্মক ও সমসাময়িক বিষয় নিয়ে কনটেন্ট তৈরির মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় কারিনা কায়সার। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও তার সুখ্যাতি রয়েছে। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকির অরিজিনাল সিরিজ ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।

কারিনার সুস্থতা কামনায় সোশ্যাল মিডিয়ায় তার ভক্ত ও শোবিজ অঙ্গনের সহকর্মীরা শুভকামনা জানাচ্ছেন।