পাকিস্তানের নাট্য ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে তুমুল জনপ্রিয় ধারাবাহিক ‘তেরে বিন’। প্রথম পাকিস্তানি নাটক হিসেবে ইউটিউব ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্ম মিলিয়ে ৫ বিলিয়ন (৫০০ কোটি) ভিউয়ের অবিশ্বাস্য রেকর্ড গড়েছে নাটকটি।
মীরব ও মুরতাসিমের প্রেম, অভিমান এবং রোমান্টিক রসায়নে ভরপুর এই গল্প শুধু পাকিস্তানেই নয়, বাংলাদেশ ও ভারতের দর্শকদের মাঝেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। ২০২২ সালের ২৮ ডিসেম্বর সম্প্রচার শুরু হওয়া নাটকটির প্রথম সিজন শেষ হয় ২০২৩ সালের ৬ জুলাই। সম্প্রচার চলাকালেই দর্শকপ্রিয়তার শীর্ষে পৌঁছে যায় ‘তেরে বিন’।
প্রথম সিজনের বিপুল সাফল্যের পরপরই প্রযোজক আবদুল্লাহ কাদওয়ানি দ্বিতীয় সিজনের ঘোষণা দেন। পরে ২০২৩ সালের ডিসেম্বরে মূল জুটি ওহাজ আলী ও ইয়ুমনা জায়েদিকে নিয়েই আনুষ্ঠানিকভাবে ‘তেরে বিন ২’-এর ঘোষণা আসে। তবে ঘোষণার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শুটিং কিংবা মুক্তির বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
এতে ক্রমেই বাড়ছে দর্শকদের হতাশা। সামাজিক যোগাযোগমাধ্যমে সিজন-২ নিয়ে নির্মাতা ও অভিনয়শিল্পীদের নীরবতা নিয়ে প্রশ্ন তুলছেন ভক্তরা। অনেকেই ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করছেন, রেকর্ড গড়ার পরও কেন নতুন সিজনের কাজ শুরু হয়নি।
এক ভক্ত লিখেছেন, “তেরে বিন ৫ বিলিয়ন ভিউ পার করা প্রথম পাকিস্তানি নাটক হয়ে গেল, অথচ এখনও সিজন-২-এর শুটিং শুরু হয়নি!” আরেকজন রসিকতার সুরে মন্তব্য করেছেন, “মনে হচ্ছে সিজন-২ দেখতে আমাদের পরের জন্ম পর্যন্ত অপেক্ষা করতে হবে।”
তবে ভক্তদের জন্য আশার খবরও রয়েছে। বিনোদন অঙ্গনের বিভিন্ন সূত্রের দাবি, ২০২৬ সালের জুনের শেষ সপ্তাহ বা জুলাইয়ের শুরুতে ‘তেরে বিন ২’-এর শুটিং শুরু হতে পারে। যদিও এ বিষয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
ফলে ৫ বিলিয়ন ভিউয়ের ঐতিহাসিক অর্জন উদযাপনের পাশাপাশি এখন দর্শকদের একটাই প্রশ্ন কবে পর্দায় ফিরবেন মীরব ও মুরতাসিম? ইতিহাস গড়ার আনন্দের মাঝেও তাই ‘তেরে বিন’ ভক্তদের অপেক্ষা যেন আরও দীর্ঘ হচ্ছে।