ইউরোপ সফরে যাচ্ছেন জেমস, গাইবেন ছয় শহরে

নতুন মৌলিক গান প্রকাশ না করলেও মঞ্চ মাতানোর ক্ষেত্রে এখনো অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয় সংগীতশিল্পী জেমস। দেশ-বিদেশের কনসার্টে তার উপস্থিতি মানেই শ্রোতাদের উচ্ছ্বাস ও উন্মাদনা। এবার দীর্ঘ প্রায় দুই মাসের ইউরোপ সফরে যাচ্ছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ইউরোপ ট্যুরের সূচি প্রকাশ করেছেন জেমস। সূচি অনুযায়ী, ইউরোপের ছয়টি শহরে কনসার্ট করবেন এই জনপ্রিয় শিল্পী।

সফরের প্রথম কনসার্ট অনুষ্ঠিত হবে লন্ডন-এ, আগামী ২৫ জুলাই। এরপর তিনি গান শোনাবেন পর্তুগাল-এ ২৬ জুলাই, সাইপ্রাস-এ ৯ আগস্ট, রোম-এ ১৬ আগস্ট, ভেনিস-এ ২২ আগস্ট এবং সুইডেন-এ ৫ সেপ্টেম্বর।

জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, এর আগে যুক্তরাষ্ট্র সফরে ব্যাপক সাফল্য পেয়েছিল দলটি। সেই অভিজ্ঞতার আলোকে ইউরোপ সফর নিয়েও তারা আশাবাদী। ইতোমধ্যে বিভিন্ন কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।

উল্লেখ্য, ২০২৩ সালে যুক্তরাষ্ট্র সফরে শুরুতে ১০টি কনসার্টের পরিকল্পনা থাকলেও দর্শকদের বিপুল সাড়ার কারণে শেষ পর্যন্ত ২৫টি কনসার্টে অংশ নেন জেমস। ফলে এবার ইউরোপ সফরেও একই ধরনের সাড়া পাওয়ার আশা করছেন তার ভক্তরা।