নতুন বিয়ের ঘোষণা দিলেন আমির, রসিকতায় মাতলেন কাজল

বয়স ৬০ ছুঁলেও মনের দিক থেকে যেন এখনো সেই চিরসবুজ ‘চকোলেট বয়’ই রয়ে গেছেন বলিউড সুপারস্টার আমির খান। আগামী ৫ জুলাই প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে নতুন জীবনের সূচনা করতে যাচ্ছেন তিনি। নিজের ৬০তম জন্মদিনেই বিয়ের এই ঘোষণা দিয়েছিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’।

সম্প্রতি আমির খানের ব্লকবাস্টার সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় এক জমকালো অনুষ্ঠানের। সেখানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক আশুতোষ গোয়ারিকরসহ পুরো টিম। আমিরকে শুভেচ্ছা জানাতে অনুষ্ঠানে হাজির হন বলিউডের একাধিক তারকা। সালমান খান, কারিনা কাপুর খান, জুহি চাওলা এবং কাজলের পাশাপাশি সবার নজর কাড়েন আমিরের হবু স্ত্রী গৌরী স্প্র্যাট।

বিচ্ছেদের পরও সাবেক স্ত্রীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন আমির। তাই বিশেষ এই আয়োজনে তার পাশে দেখা যায় দুই প্রাক্তন স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাওকেও। একদিকে দুই সাবেক স্ত্রী, অন্যদিকে হবু স্ত্রী এমন পরিস্থিতিতে আমিরের ব্যক্তিগত জীবন নিয়ে মঞ্চে দাঁড়িয়ে রসিকতা করতে ভোলেননি কাজল।

মাইক্রোফোন হাতে নিয়ে কাজল বলেন, ‘আমির খান সম্পর্কে একটা কথাই বলা যায়, তার প্রযোজনা সংস্থা বারবার প্রমাণ করেছে যে ছবি বাছাইয়ের ক্ষেত্রে তার রুচি কতটা অসাধারণ। তবে শুধু সিনেমাই নয়, মহিলাদের পছন্দের ক্ষেত্রেও আমিরের রুচি দারুণ ভালো।’

কাজলের এই মন্তব্যে হাসিতে ফেটে পড়েন আমির নিজেও। উপস্থিত অতিথি ও দর্শকরাও করতালিতে মুখর করে তোলেন পুরো অনুষ্ঠানস্থল।

এদিকে ৬০ বছর বয়সে এসে আমির খানের নতুন করে সংসার শুরু করার সিদ্ধান্ত ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।