মেসি উন্মাদনায় তারকারা, ক্যাপশনে লিখলেন 'রাগ করলা?'

২০২৬ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই মাঠে নেমে নিজের চিরচেনা জাদু দেখালেন লিওনেল মেসি। ম্যাচের ১৭তম মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে নেওয়ার পর পূর্ণ করেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। আর্জেন্টিনার দাপুটে জয় এবং মেসির দুর্দান্ত পারফরম্যান্সে উচ্ছ্বাসে ভেসেছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের আবেগ, ভালোবাসা ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন পরীমণি, মেহজাবীন চৌধুরী, তাসরীফ খান, কেয়া পায়েল, তানিয়া বৃষ্টিসহ অনেকে।

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি আর্জেন্টিনার জয় উদযাপন করেছেন নিজের মতো করেই। খেলা দেখার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমার ছোট্ট মেসি, মাশাআল্লাহ।’

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও দলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সংক্ষিপ্ত অথচ তাৎপর্যপূর্ণ এক পোস্টে। আর্জেন্টিনার পতাকার ইমোজি দিয়ে তিনি লিখেছেন, ‘ঠিক আছে, শুভরাত্রি।’

তরুণ অভিনেত্রী কেয়া পায়েল মেসির একটি ছবি শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘মেসিইইইই, মেসিইইইই, লিও মেসিইইইইইইই সব সময়ই সে। আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করলেন মেসি। কী দারুণ গোল! ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাত্র ১৭ মিনিটের মাথায় গোল করলেন তিনি।’

আর্জেন্টিনার দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টিও। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘বিজয়ীর মানসিকতা! অভিনন্দন আর্জেন্টিনা, অভিনন্দন মেসি।’

জনপ্রিয় সংগীতশিল্পী তাসরীফ খান মেসির ছবি পোস্ট করে নিজের অনুভূতি প্রকাশ করেন। তিনি লেখেন, ‘সারাজীবন বুক ফুলিয়ে বলব, আমরা মেসির খেলা দেখা জেনারেশন। কী অসাধারণ একটি হ্যাটট্রিক! কী দুর্দান্ত একজন খেলোয়াড়!’

মেসির হ্যাটট্রিকের রাতে প্রতিপক্ষ সমর্থকদের উদ্দেশে মজার খোঁচাও দিতে ভোলেননি কয়েকজন তারকা। অভিনেতা খায়রুল বাসার মেসির ছবি পোস্ট করে লেখেন, ‘প্রথম দিনেই হ্যাটট্রিক, রাগ করলা?’

একই ধরনের রসিকতা করেছেন অভিনেতা ইরফান সাজ্জাদও। তিনি লেখেন, ‘বুঝলাম না, মেসি পেনাল্টি থেকে পরপর তিনটা গোল দিয়ে দিল, আর তোমাদের কোনো আওয়াজ নাই! রাগ করলা নাকি?’

তবে ফুটবলীয় প্রতিদ্বন্দ্বিতার বাইরে গিয়ে ক্রীড়াসুলভ মানসিকতার পরিচয় দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী পড়শী। নিজে ব্রাজিলের সমর্থক হলেও আর্জেন্টিনাকে শুভকামনা জানিয়ে তিনি লিখেছেন, ‘আমি ব্রাজিল সমর্থক হলেও আর্জেন্টিনার জন্য শুভকামনা। কারণ আমি ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চাই।’

মেসির হ্যাটট্রিক আর আর্জেন্টিনার দুর্দান্ত সূচনার রাতে তাই সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে ছিল তারকাদের উচ্ছ্বাস, আবেগ আর ফুটবলপ্রেমের রঙিন প্রকাশ।