বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে শাহিদ কাপুর, কৃতি শ্যানন ও রাশমিকা মান্দানা অভিনীত রোমান্টিক-কমেডি সিনেমা ‘ককটেল ২’। হোমি আদাজানিয়া পরিচালিত ছবিটি মুক্তির প্রথম দিন থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
একই দিনে ‘টয় স্টোরি ৫’ এবং সামান্থা রুথ প্রভুর ‘মা ইনটি বাঙ্গারাম’-এর মতো বড় বাজেটের সিনেমা মুক্তি পেলেও বক্স অফিস দৌড়ে এগিয়ে আছে ‘ককটেল ২’।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সিনেমাটি প্রথম দিনে ভারতে আয় করে ১৩ কোটি ৫০ লাখ রুপি। দ্বিতীয় দিনে আয় করে ১৬ কোটি ২৫ লাখ রুপি। ফলে দুই দিনে ভারতে মোট আয় দাঁড়িয়েছে ২৯ কোটি ৭৫ লাখ রুপি, যা গ্রস হিসেবে প্রায় ৩৫ কোটি ৭০ লাখ রুপি।
বিশ্বব্যাপী বাজারেও ছবিটি ভালো পারফর্ম করছে। প্রথম দিনে বিশ্বজুড়ে আয় ছিল ২০ কোটি ২০ লাখ রুপি, আর দ্বিতীয় দিনে আন্তর্জাতিক আয় যুক্ত হয় আরও ১৫ কোটি ২৫ লাখ রুপি। দুই দিনে বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৫০ কোটি ৯৫ লাখ রুপি।
লভ রঞ্জন ও তরুণ জৈনের লেখা এই ছবিটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও বক্স অফিসে তার প্রভাব পড়েনি। ২০১২ সালের ব্লকবাস্টার ‘ককটেল’ সিনেমার ফ্র্যাঞ্চাইজি হিসেবে এটি নির্মিত হলেও কৃতি শ্যানন স্পষ্ট করেছেন, এটি সিক্যুয়েল নয় বরং সম্পূর্ণ আলাদা গল্প ও চরিত্রের ফ্র্যাঞ্চাইজি।
সিনেমার গল্পে দেখা যায় দুই ছোটবেলার বন্ধু ক্রুনাল ও দিয়াকে। ছুটিতে ইতালির সিসিলিতে গিয়ে ১০ বছর পর দিয়া দেখা পায় তার পুরোনো বান্ধবী অ্যালির সঙ্গে। এরপর একটি নির্দোষ পরিকল্পনা ধীরে ধীরে তাদের জীবনে বড় ধরনের জটিলতা ও বিপর্যয় ডেকে আনে।