কেন্দ্রীয় শহীদ মিনারে অনন্তলোকের যাত্রী নন্দিত চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারকে শেষ বিদায় জানাল দেশ। মঙ্গলবার সকাল ১১টার দিকে এই শিল্পগুরুর মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে প্রখ্যাত এই রূপকারের প্রতি শ্রদ্ধা জানাতে ঢল নামে সর্বস্তরের মানুষের।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণ করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এ সময় গুণী এই ব্যক্তিত্বকে শেষ শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে উপস্থিত হন নাট্যজন রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, তারিক আনাম খান, নিমা রহমান, ত্রপা মজুমদার, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দীন স্টালিন, বরেণ্য শিল্পী মনিরুল ইসলাম এবং চিত্রশিল্পী মনিরুজ্জামানসহ দেশের সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রাতিষ্ঠানিক ও সাংগঠনিকভাবে বাংলার এই ‘পাপেটবন্ধু’র প্রতি সম্মান জানায় বাংলাদেশ জাতীয় জাদুঘর, নাগরিক নাট্য সম্প্রদায়, গণতান্ত্রিক বাম ঐক্য, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া একাডেমি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বঙ্গরঙ্গ নাট্যদল, আবদুল্লাহ আল মামুন থিয়েটার স্কুল, উদীচী শিল্পগোষ্ঠীসহ অসংখ্য সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।
এর আগে, আজ সকালে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে তাঁর মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে, যেখানে দ্বিতীয় জানাজা সম্পন্ন হবে। সেখান থেকে নিথর মুস্তাফা মনোয়ারকে নিয়ে যাওয়া হবে চ্যানেল আই প্রাঙ্গণে। সেখানে চ্যানেল আই পরিবার ও শিল্পীদের শেষ শ্রদ্ধা নিবেদন শেষে এই কিংবদন্তিকে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে।