জনপ্রিয় চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার হাজতি আসামি খলনায়ক আশরাফুল হক ডনের পক্ষে আইনজীবীদের করা জামিন আবেদন নাকচ করেছেন আদালত।
এদিকে ডনকে গ্রেপ্তারের পর প্রয়াত নায়ক সালমান শাহর পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতার ভাই শাহরানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মামলার বাদী ও সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম।
জামিন শুনানি শেষে সালমান শাহর মামা ও মামলার বাদী আদালতে একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের স্ক্রিনশট দেখিয়ে সালমান শাহর ভাই শাহরানকে হত্যার হুমকির অভিযোগ করেন।
আদালত থেকে বের হয়ে আলমগীর কুমকুম সাংবাদিকদের ওই স্ক্রিনশট দেখান। তার দাবি, ‘মামুন’ নামে এক সালমান ভক্তের ফেসবুক লাইভের কমেন্টে ‘সাকিল কিবরিয়া’ নামের একটি আইডি থেকে শাহরানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
স্ক্রিনশটে লেখা আছে, ‘মামুন নীলা চৌধুরীকে বলো সালমানের মৃত্যু নিয়ে বাড়াবাড়ি না করতে। তা না হলে আমরা যেভাবে সালমান শাহকে হত্যা করেছি, সেভাবে শাহরানকে হত্যা করব।’
আলমগীর কুমকুম বলেন, এ ঘটনায় তারা রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন। কারণ সালমান শাহ হত্যা মামলাটিও রমনা থানায় দায়ের করা হয়েছে।
এ সময় আদালতে উপস্থিত সালমান ভক্ত মামুন সাংবাদিকদের বলেন, সালমান ভক্তদের নিয়ে মানববন্ধনের আহ্বান জানাতে ফেসবুক লাইভ করছিলেন তিনি। এ সময় লাইভের কমেন্টে ওই হুমকি দেওয়া হয়। পরে স্ক্রিনশট নেওয়ার সময় কমেন্টটি মুছে ফেলা হয়।
তিনি বলেন, সালমান ভক্তরা ৩৯ বছর ধরে দাবি করে আসছেন, সালমান শাহকে হত্যা করা হয়েছে। ডনকে গ্রেপ্তারের পর এমন হুমকি আসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তিনি মামলার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেপ্তারের দাবি জানান।
ডনের জামিন নামঞ্জুরের মধ্যেই সালমান শাহর পরিবারের সদস্যকে হত্যার হুমকির অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। হুমকিদাতা ব্যক্তি কে এবং তার সঙ্গে সালমান শাহ হত্যা মামলার কোনও যোগসূত্র রয়েছে কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন পরিবার ও সালমান ভক্তরা।